শিরোনাম

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান

মুসলিম বিশ্বকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কোনো মুসলিম দেশেরই উচিত নয় অন্য কোনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণের সুযোগ করে দেওয়া বা নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া। তেহরানে আয়োজিত ৪০তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি এ আহ্বান দেন।

ভাষণে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির ওপর জোর দেন পেজেশকিয়ান। তিনি উল্লেখ করেন, আত্মরক্ষা এবং প্রতিবেশীদের সঙ্গে সংঘাত এক বিষয় নয়। ইরানকে রক্ষা করার অর্থ মুসলিম দেশ বা প্রতিবেশী দেশগুলোর প্রতি শত্রুতা নয়। কোনো ইসলামী দেশেরই উচিত নয় অন্য কোনো ইসলামী দেশের বিরুদ্ধে আগ্রাসনের উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে নিজের ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া। কোনো ইসলামী দেশেরই উচিত নয় তার প্রতিবেশীদের নিরাপত্তাহীনতার মাধ্যমে নিজের নিরাপত্তা খোঁজা।

ওয়াশিংটনের সঙ্গে বিরাজমান উত্তেজনার বিষয়ে তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মতপার্থক্য কমানোর জন্য যখন কূটনৈতিক প্রচেষ্টা সচল ছিল, ঠিক তখনই ইরানের ওপর হামলা চালানো হয়। সংলাপ নতুন করে চালু করা হয়েছিল, ঠিক সেই সময়েই মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বড় ধরনের সামরিক আক্রমণ শুরু হয়। এ রক্তক্ষয়ী হামলায় সামরিক বাহিনীর কমান্ডার, সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী, শিক্ষার্থীসহ অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান। পাশাপাশি বহু শহর ও জাতীয় অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক এ সম্মেলনে বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এর মধ্যে ইরাক, পাকিস্তান, তুরস্ক, লেবানন ও আফগানিস্তানের মতো দেশগুলোর প্রায় ৬০০ জন প্রতিনিধি রয়েছেন। রবিবার (৩০ আগস্ট) পর্যন্ত তেহরান, কোম ও মাশহাদের পাশাপাশি পশ্চিম আজারবাইজান, কুর্দেস্তান, গোলেস্তান এবং রাজাভি খোরাসান প্রদেশে সম্মেলনটির বিশেষ অধিবেশন চলবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/