শিরোনাম

মোদিজি, দেশটা আপনার বাবার নয়: কেজরিওয়াল

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মোদিজি, দেশটা আপনার বাবার নয়: কেজরিওয়াল
আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল

ভারতের চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র সমালোচনা করে আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, মোদিজি, এই দেশ আপনার বাপের নয়। এটি ১৪০ কোটি মানুষের। হুমকি দেওয়া বন্ধ করুন।

মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, একটু আগে মোদি সরকারের পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, গতকালের (সোমবার) প্রতিবাদে যারা অংশ নিয়েছিল, তাদের সবার বিরুদ্ধে এফআইআর (লিখিত অভিযোগ) করা হবে।

তিনি বলেন, মোদিজি, এই দেশ আপনার বাপের নয়। এটি ১৪০ কোটি মানুষের। হুমকি দেওয়া বন্ধ করুন, অন্যথায় এ দেশের মানুষ আপনাকে এমন শিক্ষা দেবে যে, একনায়কের শোচনীয় পরিণতির কথা ইতিহাস মনে রাখবে।

এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচির সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদ এবং কেন্দ্রীয় সরকারের জবাবদিহি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয় এবং পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে।

কর্মসূচি চলাকালে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন এতদিন চুপ করে আছেন? পুলিশ যে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে, তাদের কাছে তিনি এখনও ক্ষমা চাননি। প্রধানমন্ত্রীর উচিত এখনই কথা বলা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের পুলিশি অভিযান বন্ধ করা।

সংসদ অধিবেশন শুরুর আগে বিরোধী দলের সাংসদদের নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানান রাহুল গান্ধী।

/এসবি/