শিরোনাম

প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রপ্তানি ভারতের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রপ্তানি ভারতের
দুই মাসে বাংলাদেশে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করেছে ভারত

বাংলাদেশ-ভারতের ইলিশ বাণিজ্যে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যপট। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির চেনা চিত্র দেখা গেলেও এ বছর ভারত থেকেই ইলিশের চালান এসেছে বাংলাদেশে। গত দুই মাসে ভারতের গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে পৌঁছেছে।

ভারতীয় ব্যবসায়ীদের ধারণা, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ বাংলাদেশে আসতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ব্যবসায়ীদের ভাষ্যমতে, বাংলাদেশে পাঠানো ইলিশের সিংহভাগই সংগ্রহ করা হয়েছে গুজরাট থেকে। পরে ভারুচ বন্দর ব্যবহার করে এসব মাছ পাঠানো হয় বাংলাদেশে। পাশাপাশি পশ্চিমবঙ্গের হাওড়ার পাইকারি মাছের বাজারের মাধ্যমেও কিছু ইলিশ সরবরাহ করা হয়েছে।

হাওড়া পাইকারি মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন মাছ যায়। তবে এ বছর ইলিশ রপ্তানির ঘটনা তাদের জন্য ব্যতিক্রম।’

মূলত গুজরাটের ইলিশে ডিম বেশি থাকে এবং এর স্বাদ কিছুটা নোনতা প্রকৃতির হয়। যে কারণে ভারতের স্থানীয় বাজারে এ মাছের চাহিদা তেমন একটা নেই। তবে বাংলাদেশের কিছু অঞ্চলে ডিমওয়ালা ইলিশের বেশ কদর থাকায় গুজরাটের ইলিশের জন্য এখানে একটি নতুন বাজার তৈরি হয়েছে।

প্রতি বছর দুর্গাপূজা ও শারদীয় উৎসবের আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হয়। তবে চলতি বছর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। গত বছর উৎসবের আগে ভারতকে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/এমএকে/