শিরোনাম

দিল্লির আঁচ কলকাতায়, শুক্রবার আন্দোলন করবে সিজেপি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
দিল্লির আঁচ কলকাতায়, শুক্রবার আন্দোলন করবে সিজেপি
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীরা (ডানে)। কোলআজ: সিজেডএন টোয়েন্টিফোর

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগে দিল্লিতে শুরু হওয়া আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়ছে কলকাতায়। দিল্লির যন্তর-মন্তরের এ প্রতিবাদের জেরে শুক্রবার (২৪ জুলাই) কলকাতায় এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অনুমতি চাওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন পাওয়া গেলে শুক্রবার বিকেল চারটায় শহরের কলেজ স্কোয়ার থেকে এ মিছিল শুরু হয়ে রানি রাসমণি রোড পর্যন্ত যাবে। মিছিলে প্রায় দেড় হাজার মানুষ অংশ নিতে পারেন বলে আবেদনের চিঠিতে উল্লেখ করা হয়েছে। ১৯ ও ২১ জুলাই ইমেইলের মাধ্যমে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ) বরাবর এই আবেদন পাঠিয়েছেন দলের সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায়।

কলকাতা পুলিশ কর্তৃপক্ষ ইমেইল পাওয়ার কথা নিশ্চিত করলেও এখন পর্যন্ত মিছিলে চূড়ান্ত অনুমতি দেয়নি। তবে অনুমতি দেওয়া হোক বা না হোক, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

দলের সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায় জানান, পুলিশের সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করছেন এবং অনুমতি না মিললে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। পাশাপাশি শহরের ছাত্র ও তরুণদের এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তবে যাদের বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের এই কর্মসূচি থেকে দূরে থাকার অনুরোধও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। সম্প্রতি সংসদ ভবন অভিমুখে মিছিলকে ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আন্দোলনকারীদের ওপর পুলিশি বলপ্রয়োগের অভিযোগে সুর চড়িয়েছে বিরোধীরা, যদিও প্রশাসনের দাবি- আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই কড়া ব্যবস্থা নিতে হয়েছে। দিল্লির এই প্রতিবাদের আঁচ মুম্বাই ও চেন্নাইয়েও পড়েছে, যেখানে শিক্ষার্থীরা ইতোমধ্যে রাস্তায় নেমে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ প্রদর্শন করেছেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/এমএকে/