পকেটে টাকা নেই, অ্যাপে ঋণ করিয়ে লুটে নিলো ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পকেটে টাকা নেই, অ্যাপে ঋণ করিয়ে লুটে নিলো ছিনতাইকারীরা
ছবি: সিজেডএন গ্রাফিক্স

ভারতের চেন্নাইয়ে এক তরুণের পকেটে টাকা না পেয়ে তাকে জোর করে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নিতে বাধ্য করেছে ছিনতাইকারীরা। ঋণের টাকা এটিএম বুথ থেকে তুলে নেওয়ার পাশাপাশি ওই তরুণের মুঠোফোনও ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (২১ অক্টোবর) তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের পল্লিকরনাই এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণের নাম অজয়। তার বয়স ২১ বছর।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অজয় ওই এলাকায় অবস্থান করার সময় চার ছিনতাইকারীর কবলে পড়েন। তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে নেয় তারা। এরপর তার কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র দিতে বলে।

অজয় জানান, তার কাছে কোনো টাকা বা মূল্যবান সামগ্রী নেই। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে ছিনতাইকারীরা। একপর্যায়ে তাকে মোবাইল ফোনের একটি অ্যাপ ব্যবহার করে ঋণের আবেদন করতে বাধ্য করা হয়।

আবেদন অনুমোদন হওয়ার পর অজয়কে কাছের একটি এটিএম বুথে নিয়ে যায় তারা। সেখান থেকে ঋণের ৯ হাজার ৫০০ রুপি তুলে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। যাওয়ার সময় অজয়ের মুঠোফোনটিও নিয়ে যায় তারা।

এ ঘটনায় পল্লিকরনাই থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে চার অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয় (২১)। তাদের সবার বাড়ি চেন্নাইয়ে।

পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর চারজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

/এমআর/