শিরোনাম

কিছু লোক তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কিছু লোক তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান
ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং জোরদার ছাত্রদের বিক্ষোভের মুখে পদত্যাগ করার পর অবশেষে মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (৮ আগস্ট) ওড়িশার সম্বলপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আন্দোলনের সময় তরুণ ‘জেন জি’ প্রজন্মকে একটি বিশেষ গোষ্ঠী ভুল বুঝিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল। শিক্ষার্থীরা যাতে কোনো রাজনৈতিক চক্রান্তের শিকার না হয় এবং তাদের সঠিক দাবিগুলো যাতে সম্মান পায়, তা নিশ্চিত করতেই তিনি নিজের পদ ছেড়েছিলেন।

ধর্মেন্দ্র প্রধান জানান, তিনি কখনো নিজের ব্যক্তিগত সম্মানকে তরুণদের ভবিষ্যতের চেয়ে বড় করে দেখেননি। আন্দোলনের উত্তাল সময়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন। প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ জানান যাতে তরুণ প্রজন্মের এ ক্ষোভ ও চাহিদাকে কোনো দলীয় রাজনীতি হিসেবে না দেখে বাস্তবসম্মতভাবে সমাধান করা হয়। প্রধানমন্ত্রী তার কথায় সম্মতি জানান এবং নিজেই পরবর্তীতে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে কথা বলেন।

নিজের পদত্যাগপত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান, ২৫ জুলাই পদত্যাগ করার পেছনে মূল উদ্দেশ্য ছিল দেশের শান্তি ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করা। তিনি চাননি এই আন্দোলনকে কাজে লাগিয়ে কোনো দেশবিরোধী শক্তি রাজনৈতিক সুবিধা আদায় করুক কিংবা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোনো দীর্ঘ আইনি জটিলতায় জড়িয়ে পড়ুক।

সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রাক্তন শিক্ষামন্ত্রী আরও জানান, ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠার পরপরই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছিল। তৎক্ষণাৎ পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই-এর ওপর দায়িত্ব দেওয়া হয় এবং প্রাথমিক পরীক্ষাটি বাতিল করা হয়। এরপর ২১ জুন পুনরায় পরীক্ষা নিয়ে খুব দ্রুতই তার ফলাফল প্রকাশ করা হয়, যা তরুণদের প্রতি সরকারের দায়িত্বশীলতারই প্রমাণ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/