অরুণাচলে হঠাৎ বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
অরুণাচলে হঠাৎ বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত
অরুণাচল প্রদেশে নিরাপত্তা বাহিনী

ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কায় সিয়াং উপত্যকায় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে।

অতিরিক্ত বাহিনী হিসেবে নভি মুম্বাই থেকে পাসিঘাটে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) দুটি কোম্পানিকে তলব করেছে অরুণাচল পুলিশ।

ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বেশ কয়েকটি পরিবহন বিমান আরএএফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে নিয়ে পাসিঘাট বিমানবন্দরে অবতরণ করেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, সিয়াং এবং আপার সিয়াংয়ে ইতিমধ্যেই আরএএফের বেশ কয়েকটি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

আসামের ডিব্রুগড়, শিবসাগর, জোরহাট, নগাঁও এবং নলবাড়ি থেকে সিআরপিএফ কোম্পানিগুলিকেও সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে।

সিয়াং অঞ্চলে সিএপিএফের মোট ৩৪টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনকারীদের মোকাবেলার জন্য আরএএফের নারী কর্মীও মোতায়েন করা হয়েছে।

গত ২৩ অক্টোবর পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত বাঁধবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেয়। সেখানে এনএইচপিসির স্থানীয় কার্যালয় এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি বিধায়কদের বাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাসিঘাট, মেবো এবং রুকসিনে বিএনএসএস-এর ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ বজায় রেখেছে প্রশাসন।

অরুণাচল প্রদেশ পুলিশ গত সপ্তাহে পাসিঘাটে হওয়া সহিংস বিক্ষোভের ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার এবং আরও ৮ জনকে আটক করা হয়েছে।

এদিকে সিয়াং উপত্যকার পর আপার সুবানসিরি জেলাতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ১ হাজার ৬০০ মেগাওয়াটের আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিল এবং তাগিন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতিকে আটকের চেষ্টার প্রতিবাদে ডাকা মানববন্ধনে জেলা সদর ডাপোরিজোতে উত্তেজনা তৈরি হয়। এ সময় রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়া হয়। এতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে তীব্র তর্কবিতর্ক হয়।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/