সাগর-রুনি হত্যা: তদন্ত শেষ করতে ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাগর-রুনি হত্যা: তদন্ত শেষ করতে ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গঠিত উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তদন্তের অগ্রগতি জানতে টাস্কফোর্সের প্রধানকে ২০২৭ সালের ২৭ এপ্রিল নথিপত্রসহ সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এ আদেশ দেন বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে সাগর-রুনির পরিবারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী শিশির মনির বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালতের বেধে দেওয়া সর্বশেষ ৬ মাসের মেয়াদ গতকাল শেষ হয়েছে। আজ বিষয়টি আদেশের জন্য উঠলে রাষ্ট্রপক্ষ তদন্তে কিছু অগ্রগতির তথ্য তুলে ধরে নতুন করে এক বছর সময় প্রার্থনা করে।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে তারা কিছু আলামত ও ৩০০টি সিডি পেয়েছে। এর মধ্যে ৯০টি সিডি পর্যালোচনা শেষ হয়েছে। বাকি ২১০টি সিডি পরীক্ষা করতে আরও সময় প্রয়োজন। তবে এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ মামলা হওয়ায় আমরা এক বছর সময় দেওয়ার বিরোধিতা করি। সব পক্ষের বক্তব্য শুনে আদালত ৬ মাস সময় মঞ্জুর করেছেন।

শিশির মনির বলেন, আগামী বছরের নির্ধারিত দিনে টাস্কফোর্সের প্রধান, আইটি বিশেষজ্ঞ তানভীর জোহা এবং ট্রাইব্যুনালের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের সিডি পর্যালোচনার অগ্রগতি প্রতিবেদনসহ আদালতে হাজির হতে হবে। টাস্কফোর্সের দুই বছরসহ দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেছে। এখনও এ ঘটনায় প্রকৃত অপরাধী কে তা জানা গেল না। মেঘ (সাগর-রুনির ছেলে) ছোট বয়সে মা-বাবাকে হারিয়েছে। আশা করছি, রাষ্ট্রপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী তদন্ত শেষ করবে এবং নতুন করে আর সময় চাইবে না।

উল্লেখ, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

/এসবি/