শিরোনাম

দিল্লির বিক্ষোভের ভিডিও সরানোর নির্দেশ আইআইটি মাদ্রাজের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
দিল্লির বিক্ষোভের ভিডিও সরানোর নির্দেশ আইআইটি মাদ্রাজের
দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ

ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। তবে বিক্ষোভ দমনে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে সরকার। ইন্টারনেট-রেলস্টেশন বন্ধ করে দেওয়া, বাড়িতে বাড়িতে পুলিশ পাঠানো, তল্লাশি ও ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে। এবার শিক্ষার্থীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আন্দোলনের ভিডিও সরিয়ে ফেলতে বলার অভিযোগ উঠেছে ভারতের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজের বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে আইআইটি মাদ্রাজের এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভের সমর্থনে পোস্ট করা ইনস্টাগ্রাম ভিডিওগুলো সরিয়ে ফেলতে বলেছে।’

‘বন্ধুরা, ডিন আমাদের যন্তর-মন্তর বিক্ষোভ সম্পর্কিত পোস্টগুলো সরিয়ে ফেলতে বলেছেন। আমাদের ফ্যাকাল্টি অ্যাডভাইজারকে ফোন করা হয়েছিল। আমরা সংহতি ভিডিওসহ সব পোস্ট সরিয়ে ফেলব। আপনারা ভিডিও শেয়ার করে আন্দোলনে অবদান রেখেছিলেন, তাই আমরা আপনাদের জানানোটা জরুরি মনে করেছি,’ এক বার্তায় এ কথা বলেন আইআইটি মাদ্রাজের শিক্ষার্থী।

এর আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে আইআইটি মাদ্রাজের শিক্ষার্থীরা যন্তর মন্তর বিক্ষোভের সঙ্গে সংহতি, সোনম ওয়াংচুক ও অনশনরত শিক্ষার্থীদের সমর্থন এবং শিক্ষার্থীদের জীবন গুরুত্বপূর্ণ লেখা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে এই সিদ্ধান্তের কথা জানায়।

প্রসঙ্গত, নিট-ইউজিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের বিষয়ে জবাবদিহিতা, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ব্যাঙ্গাত্মক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন দিয়েছে কংগ্রেসসহ একাধিক রাজনৈতিক দল। এছাড়া অ্যাক্টিভিস্ট, মানবাধিকারকর্মী, বলিউড তারকা, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/