ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ভবন

সম্প্রতি ঘটে যাওয়া সাইবার ঘটনার পর যে সমস্ত গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে, তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স ও জমা টাকা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে নিশ্চিত করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে। ব্যাংকটি ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৃথকভাবে সেই সমস্ত গ্রাহকদের অবহিত করেছে যাদের তথ্য এ ঘটনায় জড়িত বলে শনাক্ত করা হয়েছে। বিবৃতিতে ব্যাংক কতৃপক্ষ জানায়, আমরা পুনরায় জানাচ্ছি আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স আমাদের কাছে সুরক্ষিত আছে।

এর আগে ডার্ক ওয়েবে প্রায় ৩.৭৫ লাখ রেকর্ড ছড়িয়ে পড়ার খবর সামনে আসে। তার মধ্যে প্রাথমিক বিশ্লেষণে ৩ হাজার ৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের প্রমাণ মেলে বলে এসবিআই নিশ্চিত করেছিল। তারপরই ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে নতুন এ বার্তা এল।

সাইবারপালস নামে এক নিরাপত্তা পর্যবেক্ষণকারী অ্যাকাউন্ট প্রথম বিষয়টি সামনে আনে। তারা দাবি করে, সিরিউসিম নামের এক হ্যাকার গোষ্ঠী এসবিআই-এর বেশ কিছু স্পর্শকাতর ফাইল ও ব্যক্তিগত ডেটা ফাঁস করেছে। তাদের দাবি অনুযায়ী, ছড়িয়ে পড়া ডেটাসেটে ৩.৭৫ লাখ রেকর্ড ও ২ হাজার ৭২২টি পিডিএফ ডকুমেন্ট ছিল। এর মধ্যে গ্রাহকদের নানাবিধ ব্যক্তিগত তথ্য, ঋণের আবেদনপত্র, আনুষঙ্গিক সহায়ক নথি, ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফর্ম ও ঠিকানাসংক্রান্ত কাগজপত্র অন্তর্ভুক্ত ছিল।

ঘটনার সূত্রপাত ঘটে গত ১৬ অক্টোবর। সে দিন ব্যাংকের থ্রেট ইন্টেলিজেন্স সার্ভিস প্রোভাইডার, ডিফেন্স সাইবার এজেন্সি এবং ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)-এর কাছ থেকে সতর্কবার্তা পায় এসবিআই। খবর পেতেই তারা সঙ্গে সঙ্গে সাইবার ইনসিডেন্ট রেসপন্স প্রোটোকল সক্রিয় করে তোলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ফাঁস হওয়া নথিপত্রে গ্রাহকদের নাম, নথিভুক্ত মোবাইল নম্বর, জন্ম তারিখ, লিঙ্গ, ইমেল ঠিকানা, থাকার ঠিকানা, ব্যাংক শাখার নাম, গ্রাহক তথ্য ফাইল (সিআইএফ) আইডি, লিড আইডি এবং ঋণ সম্পর্কিত নানাবিধ মেটাডেটা ছড়িয়ে পড়েছিল।

পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখতে এবং ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা নিখুঁত করতে CERT-In তালিকাভুক্ত একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে তদন্তের দায়িত্বে বসানো হয়েছে। এ ফাঁস হওয়া তথ্যের আসল উৎস কোথায়, ঠিক কতদূর পর্যন্ত এর প্রভাব পড়েছে এবং গ্রাহক ও ব্যাংকের কতটা ক্ষতি হতে পারত- সেসব বিষয় বিশদভাবে খতিয়ে দেখা হচ্ছে।

তবে সাধারণ গ্রাহকদের আশ্বস্ত করে এসবিআই জানিয়েছে, এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যাংকের মূল কার্যক্রম, আর্থিক লেনদেন বা সেবায় কোনো প্রভাব ফেলতে পারেনি। ব্যাংকের যাবতীয় মূল পরিষেবা আগের মতোই স্বাভাবিক নিয়মেই চলছে। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখার পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/