দীর্ঘদিন পর চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়ালো ১২০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন পর চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়ালো ১২০০ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে আজ রবিবার (২২ নভেম্বর) বড় ধরনের উত্থান হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ৫৯ পয়েন্টে। বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন ডিএসইতে ১ হাজার ২২০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, যা সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দেশের দুই শেয়ারবাজারেই মূল্যসূচক বাড়ল। সিএসইতে অবশ্য লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

রবিবার (২২ নভেম্বর) ডিএসইতে লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। ফলে শুরুতেই মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা শেষ দিকে দাম বাড়ার গতি আরও বাড়ে। দিন শেষে ডিএসইতে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৪৬টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এদিন ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।

সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কমে ২০ কোটি ৫৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

/আরএ/