শিরোনাম

মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন পুতিন

সিটিজেন ডেস্ক
মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। ছবি: গেটি ইমেজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের রেশ কাটতে না কাটতেই এবার বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৬ মে) ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ১৯-২০ মে দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখোমুখি হবেন পুতিন।

পুতিনের সফরসূচিটি রাশিয়া ও চীনের মধ্যে সম্পাদিত গুড-নেইবারলিনেস অ্যান্ড ফ্রেন্ডলি কো-অপারেশন চুক্তির ২৫তম বার্ষিকীর সাথে মিলিয়ে করা হয়েছে। চুক্তিটি মূলত দুই দেশের বর্তমান সম্পর্কের মূল ভিত্তি। ক্রেমলিনের এক বিবৃতিতে জানিয়েছে, দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, কৌশলগত সহযোগিতা জোরদার করার উপায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এছাড়া সফরকালে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশেষ বৈঠকে বসবেন।

এর আগে ২০২৫ সালেও পুতিন চীন সফর করেছিলেন, যেখানে জ্বালানি ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে শি জিনপিংয়ের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ার পর মস্কো তাদের অর্থনৈতিক মনোযোগ এশিয়ার দিকে সরিয়ে নেওয়ায় চীন এখন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে।

অন্যদিকে, শুল্ক সংক্রান্ত টানাপোড়েনের কারণে গত এক বছর ধরে মার্কিন-চীন বাণিজ্য সম্পর্কে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কাটাতে গত ১৪-১৫ মে বেইজিংয়ে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সফরের সুনির্দিষ্ট অর্থনৈতিক অর্জন নিয়ে বিস্তারিত প্রকাশ না করলেও একে উভয় দেশের জন্য একটি চমৎকার বাণিজ্য চুক্তি বলে অভিহিত করেছেন।

সূত্র: পলিটিকো

/এমএকে/