শিরোনাম

ভেনিস সিটি করপোরেশন নির্বাচন: টানা দ্বিতীয়বার কাউন্সিলর হলেন বাংলাদেশি আফাই আলী

সিটিজেন ডেস্ক
ভেনিস সিটি করপোরেশন নির্বাচন: টানা দ্বিতীয়বার কাউন্সিলর হলেন বাংলাদেশি আফাই আলী
টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত বাংলাদেশি আফাই আলী।

ইতালির ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে চমক দেখিয়ে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফাই আলী। দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল পার্তিতো ডেমোক্রেটিকো (পিডি) থেকে মনোনয়ন পেয়ে ২৫ ও ২৬ মে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।

নির্বাচনি মাঠে স্বদেশী প্রতিদ্বন্দ্বী মতিউর রহমানসহ মোট ১৭ জন প্রার্থীকে পরাজিত করে নিজের জনপ্রিয়তার প্রমাণ দেন আফাই আলী। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের প্রবাসী আব্বাস আলীর ছেলে আফাইয়ের এ অনবদ্য জয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে উন্নত জীবনের আশায় ইতালিতে পাড়ি জমান তার বাবা আব্বাস আলী। পরবর্তীতে তিনি দেশটির নাগরিকত্ব লাভ করেন এবং ২০০২ সালে পুরো পরিবারকে ইতালিতে নিয়ে যান। ইতালিতে পড়াশোনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে সক্রিয় থাকার সুবাদেই মূলত আফাই আলী দেশটির মূলধারার রাজনীতিতে যুক্ত হন। ২০১৭ সালে পার্তিতো ডেমোক্রেটিকো (পিডি) দলে যোগ দেওয়ার পর তার কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে ভেনিস সিটি করপোরেশনের ‘মেস্ত্রে কার্পেনেদো’ এলাকার কাউন্সিলর পদে প্রথমবার দলীয় মনোনয়ন পান এবং জয়ী হন।

৫ বছরের সফল মেয়াদ শেষে চলতি বছরের নির্বাচনেও তিনি সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলেন। বর্তমানে স্ত্রী উম্মে খাদিজা ও দুই সন্তানকে নিয়ে ভেনিসে স্থায়ীভাবে বসবাস করা আফাই আলী স্থানীয় ভেনিস বাংলা স্কুলের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন। ঐতিহাসিক এ বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় আফাই আলী জানান, এখন থেকে তিনি সরাসরি মেয়রের কাছে বাংলাদেশি কমিউনিটির সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরতে পারবেন, যা প্রবাসীদের কল্যাণে বড় ভূমিকা রাখবে। সেই সঙ্গে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় সংস্কৃতি ও মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি প্রবাসীদের অধিকার আদায়ের পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ও সম্মান বৃদ্ধি করবে।

/এমএকে/