শিরোনাম

কুয়েতে প্রবাসীদের নিয়ে দূতাবাসের ঈদ অনুষ্ঠান বাতিল

সিটিজেন ডেস্ক
কুয়েতে প্রবাসীদের নিয়ে দূতাবাসের ঈদ অনুষ্ঠান বাতিল
কুয়েতে বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দূতাবাসের এবারের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হচ্ছে না। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছর ঈদের দিন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁর সরকারি বাসভবন ‘বাংলাদেশ হাউস’-এ প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। তবে বর্তমান পরিস্থিতিতে এবার সেই আয়োজন স্থগিত রাখতে হচ্ছে।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে কুয়েত সরকার ঈদের ছুটির সময় সব ধরনের জনসমাগমমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে। এর আওতায় নাটক, সংগীতানুষ্ঠান, কনসার্ট ও বিবাহসহ বিভিন্ন আয়োজন বন্ধ রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে দূতাবাস তাদের নিয়মিত ঈদ আয়োজন করতে পারছে না বলে জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে বিষয়টি বোঝার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

/এমআর/