পারমাণবিক সাবমেরিন থেকে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রাশিয়ার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পারমাণবিক সাবমেরিন থেকে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রাশিয়ার
কোলাজ: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

রুশ নৌবাহিনী নিজেদের পারমাণবিক সক্ষমতার এক নতুন সামরিক মহড়া সম্পন্ন করেছে। বুধবার (২৮ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলের ওখোৎস্ক সাগর থেকে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। সাগরের তলদেশ থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬ হাজার কিলোমিটার দূরে গিয়ে নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবেই এ টেস্ট-ফায়ারটি করা হয়। কামচাটকা উপদ্বীপের কাছে নিমজ্জিত অবস্থায় থাকা জেনারেলিসিমাস সুভোরভ নামের সাবমেরিনটি থেকে বুলাভা নামের ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই এর ওয়ারহেডগুলো দেশের অপর প্রান্তে, অর্থাৎ আরখানগেলস্ক অঞ্চলের কানিন উপদ্বীপে অবস্থিত চিঝা পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছায়। পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করে মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ওয়ারহেডগুলো সঠিক সময়েই তাদের গন্তব্যে পৌঁছেছে এবং মহড়াটি পুরোপুরি সফল হয়েছে।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাবমেরিনটিতে থাকা নাবিকদের একজন উৎক্ষেপণ বোতামে চাপ দিতেই রাতের অন্ধকার চিরে পানি ভেদ করে একটি আগুনের গোলা আকাশে উঠে যায়। আর-৩০ বুলাভা (ন্যাটো নাম: এসএস-এন-৩২) রাশিয়ার সমুদ্রভিত্তিক পারমাণবিক শক্তি ব্যবস্থার অন্যতম প্রধান হাতিয়ার। মস্কো ইনস্টিটিউট অফ থার্মাল টেকনোলজির তৈরি এ কঠিন-জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি ২০২৪ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে রুশ সেনাবাহিনীতে যুক্ত হয়। এটি সর্বোচ্চ প্রায় ৯ হাজার ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

মূলত সোভিয়েত আমলের পুরনো সাবমেরিনগুলোকে বদলে পারমাণবিক ব্যবস্থাকে আধুনিক করার যে পরিকল্পনা রাশিয়া হাতে নিয়েছে, বোরেই এবং বোরেই-এ শ্রেণির সাবমেরিনগুলো তারই অংশ। বর্তমানে রাশিয়ার বহরে এ ধরণের আটটি সাবমেরিন সক্রিয় রয়েছে এবং আরও কয়েকটি তৈরির কাজ চলছে। মন্ত্রণালয় জানায়, নাবিকদের যুদ্ধের প্রস্তুতি ঝালিয়ে নেওয়া এবং সাবমেরিনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা যাচাই করতেই এ মহড়ার আয়োজন করা হয়।

সূত্র: আরটি

/এমএকে/