শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স: ৫ হাজার গ্রেপ্তার, পুড়েছে ২৪ স্কুল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স: ৫ হাজার গ্রেপ্তার, পুড়েছে ২৪ স্কুল
প্যারিসের প্লেস দে লা ন্যাসিওনের কাছে শিক্ষার্থীদের অবরোধ। ছবি: দ্য গার্ডিয়ান

শ্রেণিকক্ষের বেহাল দশা, অবকাঠামোগত সংস্কার ও শিক্ষক সংকটের প্রতিবাদে ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষের পর দেশজুড়ে ৫৬০টিরও বেশি স্কুল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে জানিয়েছেন, চলমান অস্থিরতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান সম্পূর্ণ বা আংশিকভাবে স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। তিনি আরও জানান, আন্দোলন শুরু হওয়ার পর থেকে রাজধানী প্যারিসসহ বিভিন্ন জেলায় মোট ২৪টি স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা।

গত সপ্তাহে প্যারিস অঞ্চলে প্রথম এ প্রতিবাদের সূত্রপাত হয়। ক্লাসরুমে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী, তীব্র শিক্ষক সংকট এবং জরাজীর্ণ ভবন সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। সময়ের সঙ্গে সে আন্দোলন সহিংস রূপ নেয়। শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষোভ আরও বাড়ে। এ সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ বহু মানুষ আহত হয়েছেন।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে, সপ্তাহের শেষে পরিস্থিতি একপ্রকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে পুলিশ প্রায় ৫ হাজার জনকে গ্রেপ্তার করেছে, যাদের অধিকাংশই কিশোর-কিশোরী।

উদ্ভূত পরিস্থিতিতে প্যারিসের পুলিশ প্রধান পাত্রিস ফোর শিক্ষার্থীদের স্কুল অবরোধ ছেড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এর পেছনে পেশাদার দাঙ্গাবাজদের হাত রয়েছে বলে অভিভাবকদের সতর্ক করেছেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/