শিরোনাম

মোজতবা খামেনিকে হত্যার হুমকি দিলেন নেতানিয়াহু

সিটিজেন ডেস্ক
মোজতবা খামেনিকে হত্যার হুমকি দিলেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পক্ষে যৌক্তিকতা তুলে ধরে এই হুমকি দেন।

নেতানিয়াহু বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের পর ইরান আর আগের মতো নেই’। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী বাসিজ বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে।

ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরান যাতে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র প্রকল্পগুলো ভূগর্ভে সরিয়ে নিতে না পারে, ইসরায়েল সেই লক্ষ্যেই কাজ করছে। তিনি দাবি করেন, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

লেবাননে অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে ২ মার্চ থেকে ইসরায়েলে হামলা শুরু করে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও। তাদের ওপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী ব্যবস্থা নিতে পারে—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমরা কী পরিকল্পনা করছি বা কী করতে যাচ্ছি, সে সম্পর্কে আমি এখানে সুনির্দিষ্ট কোনো বার্তা দিতে চাই না।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন, তেহরান এবং হিজবুল্লাহ এখন আর আগের মতো হুমকি দেওয়ার মতো শক্তিশালী অবস্থানে নেই।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

/বিবি/