২০২৫ সালে প্রতি ঘণ্টায় স্বজনদের হাতে ৫ নারী-শিশু খুন: জাতিসংঘ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
২০২৫ সালে প্রতি ঘণ্টায় স্বজনদের হাতে ৫ নারী-শিশু খুন: জাতিসংঘ
প্রতীকী ছবি

ঘরের চার দেয়ালকে সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করা হলেও, বাস্তবতা বলছে ভিন্ন কথা। ২০২৫ সালে সারা বিশ্বে নিজের ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতেই নিহত হয়েছেন ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু। হিসাব করলে দেখা যায়, প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ৫ জন নারী ও শিশুকে প্রাণ দিতে হয়েছে তাদের খুব কাছের মানুষের হাতে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ উদ্বেগজনক চিত্র। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ঠিক আগে ইউএন উইমেন এবং ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) যৌথভাবে এ প্রতিবেদনটি প্রকাশ করে। সংস্থা দুটি জানিয়েছে, গত কয়েক বছর ধরেই আপনজনের হাতে নারী ও কন্যাশিশু হত্যার সংখ্যাটি ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১২২টি দেশের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে এ প্রতিবেদন। এতে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ডের শিকার হন। এর মধ্যে প্রায় ৬০ শতাংশই প্রাণ হারিয়েছেন নিজের সঙ্গী বা পরিবারের কারও হাতে। প্রতিদিনের হিসাবে এ সংখ্যাটা দাঁড়ায় গড়ে ১২৯ জনে। অথচ একই সময়ে খুন হওয়া পুরুষদের ক্ষেত্রে পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের জেরে মৃত্যুর হার মাত্র ১১ শতাংশ। যদিও বিশ্বে মোট হত্যাকাণ্ডের শিকার হওয়া মানুষের ১৯ শতাংশ নারী, তবুও পারিবারিক বলয়ে তাদের ঝুঁকি পুরুষদের তুলনায় বহুগুণ বেশি।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, পৃথিবীর কোনো প্রান্তই নারীদের জন্য পুরোপুরি নিরাপদ ছিল না। তবে পরিবারের সদস্য বা সঙ্গীর হাতে সবচেয়ে বেশি নারী ও শিশু খুন হয়েছে আফ্রিকা মহাদেশে, যেখানে নিহতের সংখ্যা ২২ হাজার ১০০। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা এশিয়ায় প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ১০০ জন। এ ছাড়া আমেরিকা অঞ্চলে ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়া অঞ্চলে ৩০০ জন নারী ও কন্যাশিশু এমন নৃশংসতার শিকার হয়েছেন।

সার্বিকভাবে বিশ্বে হত্যাকাণ্ডের হার কিছুটা কমলেও নারী হত্যার হার কমার গতি খুবই ধীর, বিশেষ করে ইউরোপ ও আমেরিকা অঞ্চলে। জাতিসংঘের মতে, এসব অপরাধের পেছনে সমাজের প্রচলিত রীতিনীতি এবং লিঙ্গবৈষম্যমূলক গৎবাঁধা মানসিকতা গভীরভাবে কাজ করছে। একইসঙ্গে ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথে নানা প্রতিবন্ধকতার বিষয়টিও এ প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে। তাই পারিবারিক সহিংসতা রুখতে কেবল স্বামী-স্ত্রী বা ঘনিষ্ঠ সম্পর্কের দিকেই নয়, বরং পুরো পারিবারিক কাঠামোর সম্পর্কগুলোর ওপরও জরুরি ভিত্তিতে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: জিও নিউজ

/এমএকে/