শিরোনাম

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কাঁপলো জাপান

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কাঁপলো জাপান
জাপানের আবহাওয়া সংস্থা বৃহস্পতিবার (২৫ জুন) সকালের ভূমিকম্পের ভূকম্পন তীব্রতা দেখিয়েছে। ছবি: দ্য জাপান টাইমস

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই ভূমিকম্পে কাঁপলো এশিয়ার দেশ জাপান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি কুজি থেকে ৩৫ কিলোমিটার (বা প্রায় ২১ মাইল) উত্তর-পূর্বে ৫১.৭ কিলোমিটার (বা প্রায় ৩২ মাইল) গভীরে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯।

তবে এই ভূমিকম্পে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরিভাবে মূল্যায়ন’ করার নির্দেশ দিয়েছেন।

এর আগে ভেনেজুয়েলার স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার দূরে ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ২২ কিলোমিটার (১৪ মাইল)।

এর মাত্র এক মিনিট পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মোরনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, ৭ মাত্রার অধিক দুই বিধ্বংসী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: রয়টার্স, সিএনএন

/জেএইচ/