শিরোনাম

ভয়াবহ দাবানলে পুড়ছে জাপান

সিটিজেন ডেস্ক
 ভয়াবহ দাবানলে পুড়ছে জাপান
ছবি: রয়টার্স

জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল টানা পঞ্চম দিনের মতো জ্বলছে। এ দাবানলের কারণে সরাসরি হুমকির মুখে পড়েছে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর ওৎসুচি। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাওয়ায় শহরের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ, অর্থাৎ ১ হাজার ৫৪১টি পরিবারের ৩ হাজার ২৩৩ জনকে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছেন ১ হাজার ৪০০ দমকলকর্মী এবং ১০০ জন আত্মরক্ষা বাহিনীর সদস্য। ওৎসুচি শহরের মেয়র কোজো হিরানো জানিয়েছেন, আত্মরক্ষা বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছে। শুষ্ক আবহাওয়া এবং দমকা বাতাসের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। রবিবার (২৬ এপ্রিল) ভোর পর্যন্ত প্রায় ১ হাজার ৩৭৩ হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি এবং এর মূল কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের তদন্ত অব্যাহত রয়েছে।

দাবানলের কারণে ওৎসুচির আবাসিক এলাকাগুলো এখন চরম ঝুঁকিতে। উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাসে প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামির আঘাতে এ শহরের প্রায় দশ ভাগের এক ভাগ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই স্মৃতি বুকে নিয়ে স্থানীয় বাসিন্দারা নতুন করে সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

৭৪ বছর বয়সী এক স্থানীয় বাসিন্দা ইয়োশিনোরি কোমাতসু নিজের হতাশা ব্যক্ত করে বলেন, সুনামির ধ্বংসযজ্ঞের পরও কিছু জিনিস অবশিষ্ট থাকে, কিন্তু আগুন সবকিছু পুড়িয়ে নিঃশেষ করে দেয়। প্রাকৃতিকভাবে দাবানল থামানোর জন্য বৃষ্টির একান্ত প্রয়োজন হলেও স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ওৎসুচি এলাকায় রবি ও সোমবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই; তবে মঙ্গলবার কিছু সময়ের জন্য হালকা বৃষ্টিপাতের সামান্য পূর্বাভাস রয়েছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/