শিরোনাম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন, বিভিন্ন দেশে সুনামি সতর্কতা

সিটিজেন ডেস্ক
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন, বিভিন্ন দেশে সুনামি সতর্কতা
ভূমিকম্পে আঘাত হানার পর ধসে পড়েছে একটি বহুতল ভবন। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

ফিলিপাইনে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বহু ভবন ধসে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে মাটির ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি এসব দেশের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

অন্যদিকে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করেছে। দেশগুলো জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।

ভূমিকম্পের পর এক জরুরি বার্তা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো। তিনি কোনো অপেক্ষা না করে বাসিন্দাদের উঁচু স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে প্রভাব পড়া শুরু হয়েছে বলে জানান মার্কো।

এছাড়া জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও এক বার্তায় বলেছেন, যদি উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশনা আসে তাহলে যেন সবাই এ নির্দেশনা মেনে চলেন।

সূত্র: আল জাজিরা, বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট

/জেএইচ/