শিরোনাম

যুক্তরাষ্ট্রের মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
বিধ্বস্ত বিমান

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স কোম্পানি অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে একাধিক গাড়িকে ধাক্কা দেয়। পরে বিমানটিতে আগুন ধরে যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

বিমানবন্দরের অগ্নি-নির্বাপন (ফায়ার) বিভাগের প্রধান রায়ে জাদাল্লাহ এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাদাল্লাহ বলেন, বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর ফায়ার বিভাগ ও ফায়ার সার্ভিসের ৬০টি ইউনিটের ৬০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ফ্লাইট উড্ডয়ন-অবতরণ স্থগিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে আংশিকভাবে সেটা তুলে দেওয়া হয়।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিধ্বস্ত কার্গো উড়োজাহাজটির ৩২ বছর আগে তৈরি একটি বোয়িং। এর মালিক অ্যামাজনের অঙ্গপ্রতিষ্ঠান অ্যামাজন প্রাইম এয়ার। এটি ক্যারিবীয় অঞ্চলের মার্কিন প্রদেশ পুয়ের্তো রিকোর সান জুয়ান শহরের বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে রওনা করেছিল।

ঠিক কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি। জাদাল্লাহ যদিও বলেছেন, আগুন নেভানোর সময়ে উড়োজাহাজটি জ্বালানির ট্যাংকে ফুটো বা ছিদ্র দেখেছেন। তবে সেই ত্রুটির কারণেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে কি-না তা স্পষ্ট করেননি তিনি।

সূত্র: সিএনএন, রয়টার্স

/জেএইচ/