জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের পর নিজের ভাষণ বদলান পেজেশকিয়ান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের পর নিজের ভাষণ বদলান পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া ও আক্রমণাত্মক বক্তব্যের জেরে জাতিসংঘের সাধারণ পরিষদে নিজের নির্ধারিত ভাষণ বদলে ফেলেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন তিনি।

পেজেশকিয়ান জানান, জাতিসংঘের মঞ্চে পড়ার জন্য একটি সম্পূর্ণ ভাষণ আগে থেকেই তৈরি করা ছিল। কিন্তু ট্রাম্প যখন ইরানকে নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া কিংবা ‘নরকে পাঠিয়ে দেওয়ার’ মতো হুমকি দেন, তখন তারা আগের ভাষণটি বাদ দেন।

ট্রাম্পের ওই আক্রমণাত্মক মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সামগ্রিক আচরণ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভূমিকার জবাবে নিজের ভাষণের ধরন পাল্টে ফেলতে হয় তাকে। ট্রাম্পের কঠোর সমালোচনার জবাব দিয়ে ইরানের প্রেসিডেন্ট জানান, ‘তারা ইরানকে ধ্বংস করতে পারবে না। ইরান এমন একটি দেশ, যার শিকড় ইতিহাসের গভীরে রয়েছে।’ বক্তব্যে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন বেপরোয়া কর্মকাণ্ডের কারণে প্রতিনিয়ত বিপাকে পড়ছে ইরান। এমনকি হরমুজ প্রণালিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে তেহরানের ওপর নতুন করে আগ্রাসন চাপানোর ফন্দি আঁটছে ওয়াশিংটন।

তবে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করে দেননি পেজেশকিয়ান। কূটনীতির টেবিলে বসার সদিচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘ইরান সংলাপ, কূটনীতি ও আলোচনার জন্য প্রস্তুত, তবে শক্তির ভাষা মেনে নেবে না।’ এদিকে, নিউইয়র্ক সফরের ব্যস্ত সময়ের ফাঁকে ইরাকের প্রধানমন্ত্রী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ইরানি প্রেসিডেন্ট। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

/এমএকে/