শিরোনাম
এক ডলারের কয়েনে ট্রাম্প

এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নতুন স্মারক মুদ্রা (ইনসেটে)

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনে দেশটির টাকশাল বাজারে এনেছে এক বিশেষ স্মারক মুদ্রা, যেখানে স্থান পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে প্রায় একশ বছর পর প্রথম কোনো জীবিত মার্কিন রাষ্ট্রপ্রধানের ছবি সরকারি মুদ্রায় জায়গা পেল। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের ছবি সংবলিত এ নতুন স্মারক মুদ্রায় তার প্রতিকৃতির ঠিক পাশে খোদাই করা রয়েছে আমেরিকার ঐতিহ্যবাহী বাক্য ‘ইন গড উই ট্রাস্ট’।

মার্কিন টাকশাল জানিয়েছে, স্বাধীনতার আড়াইশ বছর পূর্তির মতো ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, বিশেষ এই মুদ্রার নকশায় মূলত ‘একটি জাতির চেতনা, গর্ব ও ঐতিহ্য’ ফুটিয়ে তোলার প্রয়াস রয়েছে। এক প্রজন্মে একবারই এমন গৌরবময় মুহূর্ত আসে, তাই সংগ্রাহকদের কাছে এ ধাতব মুদ্রাটি আধুনিক সংগ্রহের তালিকায় অত্যন্ত মূল্যবান একটি সংযোজন হতে যাচ্ছে।

এদিকে নতুন এ স্মারক মুদ্রা বাজারে আসতেই সংগ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। ২৫টি কয়েন সংবলিত একটি রোলের বিক্রয়মূল্য ধরা হয়েছে ৬১ ডলার (বা ৪৫ পাউন্ড) এবং ১০০ কয়েনের ব্যাগের দাম রাখা হয়েছে ১৫৪ দশমিক ৫০ ডলার। কিন্তু আনুষ্ঠানিক বিক্রি শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই টাকশালের নিজস্ব ওয়েবসাইটে কয়েনগুলোর পাশে ভেসে ওঠে ‘বর্তমানে মজুত নেই’ লেখা বার্তা। অভাবনীয় চাহিদা ও সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত জানতে মার্কিন টাকশাল, অর্থ মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে মুদ্রায় পদাধিকারী বা জীবিত প্রেসিডেন্টের মুখচ্ছবি ব্যবহারের ঘটনা অত্যন্ত নজিরবিহীন। এর আগে ১৯২৬ সালে মার্কিন স্বাধীনতার ১৫০ বছর পূর্তিতে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি দিয়ে একটি বিশেষ হাফ-ডলার স্মারক কয়েন বাজারে ছাড়া হয়েছিল। সেটিই ছিল মার্কিন ইতিহাসে জীবিত অবস্থায় কোনো প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ঠাঁই পাওয়ার প্রথম ঘটনা।

কয়েনের পাশাপাশি ট্রাম্পের ছবি দিয়ে ডলারের নতুন নোট ছাপানোর গুঞ্জনও রয়েছে। মে মাসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ২৫০ ডলার মূল্যমানের নতুন কাগুজে নোট চালুর একটি পরিকল্পনা তাদের রয়েছে। তবে কাগুজে মুদ্রার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আইন বেশ কঠোর। ১৮৬৬ সালের ‘থেয়ার অ্যামেন্ডমেন্ট’ অনুযায়ী নোট বা পেপার মানিতে কোনো জীবিত ব্যক্তির ছবি ব্যবহার করার ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। ট্রাম্পের ক্ষেত্রে এ নিয়মের ব্যতিক্রম ঘটাতে মার্কিন কংগ্রেসে একটি বিশেষ বিল উত্থাপন করেছেন তার সমর্থক আইনপ্রণেতারা। বিলটি এখনও বিবেচনাধীন রয়েছে।

অবশ্য কাগুজে নোটের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও ধাতব মুদ্রার বেলায় ট্রাম্প প্রশাসন একটি ভিন্ন আইনি পথ বেছে নিয়েছে। অর্থমন্ত্রী বেসেন্ট আগেই বলেছিলেন, অতীতেও ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছবি মুদ্রায় এসেছে। এবার প্রশাসন ২০২০ সালের ‘সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন অ্যাক্ট’-এর আইনি ব্যাখ্যাটি সামনে এনেছে। এ আইনে বলা হয়েছে, কয়েনের পেছনের অংশে কোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার করা যাবে না। কিন্তু সামনের অংশের (ওভার্স) ক্ষেত্রে কোনো বারণ নেই। আর সেই সুযোগটি নিয়েই নতুন ১ ডলারের কয়েনটির সামনের অংশে ট্রাম্পের ছবি রাখা হয়েছে।

সূত্র: বিবিসি

/এমএকে/