ট্রাম্পের নিষেধাজ্ঞা: হোয়াইট হাউজে ঢুকতে দেওয়া হলো না সিএনএনের সাংবাদিককে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ট্রাম্পের নিষেধাজ্ঞা: হোয়াইট হাউজে ঢুকতে দেওয়া হলো না সিএনএনের সাংবাদিককে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী শনিবার (১৯ সেপ্টেম্বর) সিএনএন, পলিটিকো এবং এমএস নাউয়ের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশ করতে দেওয়া হয়নি। সিএনএনের সাংবাদিক বেটসি ক্লেন এবং এমএস নাউয়ের সাংবাদিক আকায়লা গার্ডনার মার্কিন প্রেসিডেন্টের দপ্তরে গেলে তাদের আটকে দেওয়া হয়।

ট্রাম্পের অভিযোগ, এ সংবাদমাধ্যমগুলো প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়ায়, যে কারণে তাদের সাংবাদিকদের হোয়াইট হাউজে ঢুকতে দেওয়া হবে না। তবে সংবাদিকদের এভাবে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে সম্পূর্ণ সংবিধান পরিপন্থি বলে উল্লেখ করেছেন দেশের সংবিধান বিশেষজ্ঞরা।

এ পরিস্থিতির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে সিএনএন কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ‘ সকালে সিএনএনের সাংবাদিকদের হোয়াইট হাউজ প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হয়নি। স্বশরীরে হোয়াইট হাউজ বা অন্যান্য সরকারি দপ্তরে আমাদের প্রতিনিধিদের প্রবেশ করতে না দেওয়ার চেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সরকারকে নিয়ে সংবাদ প্রকাশে সিএনএনের যে মিশন আছে তা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সরকারের কাছ থেকে কোনো বাধা ছাড়া আমাদের সাংবাদিকতা করার অধিকার রয়েছে। আর (ট্রাম্পের) নিষেধাজ্ঞা আমাদের সেই সাংবিধানিক অধিকারের ওপর হামলা।’

সিএনএনের সংবাদদাতা বেটসি ক্লেন জানিয়েছেন, হোয়াইট হাউজে যাওয়ার পর গোয়েন্দা সংস্থার এক সদস্য তাকে জানান যে তার প্রেস পাসটি অকার্যকর করে দেওয়া হয়েছে। বেটসি বলেন, ‘আমি গোয়েন্দা কর্মকর্তাকে জিজ্ঞেস করেছি কেন আমার পাস অকার্যকর করা হয়েছে, এর কোনো কারণ কি তিনি জানাতে পারবেন। কিন্তু তিনি জানান তার কাছে এর বেশি আর কোনো তথ্য নেই। আমি আবারও তাকে এ নিয়ে প্রশ্ন করলে ওই গোয়েন্দা কর্মকর্তা আমাকে হোয়াইট হাউজের প্রেস অফিসে যোগাযোগ করতে বলেন।’ একই রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এমএস নাউয়ের সাংবাদিক আকায়লা গার্ডনারও। হোয়াইট হাউজে ঢুকতে গেলে তাকে তার পাসটি হস্তান্তর করতে বলা হয়, কিন্তু কেন এ নির্দেশ দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি দায়িত্বে থাকা কর্মকর্তারা।

এদিকে সংবাদ সংগ্রহে এমন নজিরবিহীন বাধার মুখে পড়ে সিএনএন ও এমএস নাউ কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়েছে, ট্রাম্পের এ বিতর্কিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

সূত্র: সিএনএন

/এমএকে/