শিরোনাম

৫০ ডলারে বিশ্বকাপ টিকিট দেওয়ার ঘোষণা মেয়র মামদানির

সিটিজেন ডেস্ক
৫০ ডলারে বিশ্বকাপ টিকিট দেওয়ার ঘোষণা মেয়র মামদানির
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবি: ব্লুমবার্গ

সাধারণ ও শ্রমজীবী মানুষের জন্য মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিউইয়র্কের আফ্রিকান ফুটবল সম্প্রদায়ের কেন্দ্র হিসেবে পরিচিত হারলেমের ‘লিটল সেনেগাল’ এলাকায় এ ঘোষণা দেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের প্রথম আয়োজক শহর হিসেবে নিউইয়র্ক তাদের স্থানীয় বাসিন্দাদের জন্য অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলো।

মেয়র মামদানি জানান, বিশ্বকাপ যেন শুধু ধনীদের উৎসব না হয়ে সাধারণ মানুষেরও অংশীদারিত্ব নিশ্চিত করে, সেজন্যই হোস্ট কমিটির সঙ্গে বসে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় ৮২ হাজার ধারণক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামের উপরের স্তরে মোট সাতটি ম্যাচের জন্য এক হাজার টিকিট বরাদ্দ করা হয়েছে। ফাইনাল ম্যাচ বাদে আগামী ১৩ জুন ব্রাজিল বনাম মরক্কো, ১৬ জুন ফ্রান্স বনাম সেনেগাল, ২২ জুন নরওয়ে বনাম সেনেগাল, ২৫ জুন ইকুয়েডর বনাম জার্মানি, ২৭ জুন পানামা বনাম ইংল্যান্ড এবং ৩০ জুনের রাউন্ড অব ৩২ ও ৫ জুলাইয়ের রাউন্ড অব ১৬ এর ম্যাচগুলো এ সুবিধার আওতাভুক্ত থাকবে। প্রতিটি ম্যাচের জন্য প্রায় ১৫০টি করে আসন সাধারণ মানুষের জন্য বরাদ্দ রাখা হবে।

বিশেষ টিকিট পেতে আগ্রহী নিউইয়র্কবাসীদের জন্য আগামী ২৫ মে থেকে ৩০ মে পর্যন্ত একটি লটারি চালু করা হবে, যেখানে প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার পর্যন্ত আবেদন করা যাবে। লটারিতে বিজয়ী প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে টিকিট কিনতে পারবেন। তবে টিকিটগুলো অন্য কাউকে হস্তান্তর করা যাবে না এবং ম্যাচের দিনই সরাসরি বিজয়ীদের হাতে তা বুঝিয়ে দেওয়া হবে। সম্পূর্ণভাবে মেয়রের দপ্তর ও নিউইয়র্ক-নিউ জার্সি বিশ্বকাপ হোস্ট কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ জনমুখী ব্যবস্থার সঙ্গে ফিফার কোনো সম্পর্ক নেই।

বিশ্বকাপের আগে নিউইয়র্ক ও নিউ জার্সি এলাকায় যাতায়াত ও ম্যাচ দেখার অতিরিক্ত খরচ নিয়ে যখন তীব্র সমালোচনা চলছে, ঠিক তখনই এ ঘোষণাটি এলো। যেখানে পেন স্টেশন থেকে স্টেডিয়ামের সাধারণ ১৩ ডলারের ট্রেন ভাড়া বাড়িয়ে প্রথমে ১৫০ ডলার এবং পরে ১০৫ ডলার ও বাস ভাড়া ৮০ ডলার করা হয়েছিল, সেখানে মেয়রের এই বিনামূল্যে বাস সেবা বড় এক উপহার। এমনকি সমালোচনার মুখে ফিফা মাত্র ৬০ ডলারে কিছু টিকিট ছাড়লেও তা মোট টিকিটের মাত্র ১.৬ শতাংশ, আর ডায়নামিক প্রাইসিংয়ের কারণে বাকি টিকিটের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। মেয়র মামদানি এর আগে এক প্রচারণায় বলেছিলেন, মুনাফালোভীদের কারণে প্রকৃত ফুটবলপ্রেমীদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ থাকে না। নিউইয়র্কের এ নতুন উদ্যোগ সেই ধারণা বদলে দিয়ে বিশ্ব ফুটবলে একটি প্রশংসনীয় নজির হয়ে থাকবে।

/এমএকে/