ইরানে আর সামরিক হামলার প্রয়োজন নেই: রুবিও

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানে আর সামরিক হামলার প্রয়োজন নেই: রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার (১৩ নভেম্বর) জানিয়েছেন, কঠোর অর্থনৈতিক চাপে ইরান ইতোমধ্যে পঙ্গু হয়ে পড়েছে। দেশটির বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক হামলার প্রয়োজন নেই। ফেডারালিস্ট সোসাইটির অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুরেই কথা বলেন, সংঘাতটি সামরিকভাবে কার্যকরভাবে শেষ হয়ে গেছে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সরাসরি মোকাবিলা করার সিদ্ধান্তকে তিনি সঠিক বলে দাবি করেন।

এদিকে যুদ্ধ শেষের দাবি করা হলেও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমেনি। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা বাহরাইনমুখী দুটি ইরানি ড্রোন প্রতিহত করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে আইআরজিসি দাবি করেছিল, সিরি বন্দরের টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার বদলা হিসেবে তারা বাহরাইনে হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ-মাইনের বিস্ফোরণে একটি গ্যাসবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় সামুদ্রিক হামলার ঘটনায় ইতোমধ্যে ২৫ জন নাবিক নিহত হয়েছেন।

কূটনৈতিক ক্ষেত্রেও অচলাবস্থা কাটেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, মার্কিন হুমকির মুখে তেহরান পারমাণবিক পর্যবেক্ষণ নিয়ে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে এবং পরিদর্শকদের প্রবেশে বাধা দিচ্ছে। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের উপ-রাষ্ট্রদূত গোলামহোসেন দারজি বলেছেন, নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে।

সূত্র: আরব নিউজ

/এমএকে/