২৬ বছর পর ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
২৬ বছর পর ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র
প্রতীকী ছবি

দীর্ঘ ২৬ বছর পর যুক্তরাষ্ট্রের ‘হাম নির্মূল’ বা হামমুক্ত দেশের মর্যাদা বাতিল করেছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো)। এক বছরেরও বেশি সময় ধরে দেশটিতে অত্যন্ত সংক্রামক এ ভাইরাসের লাগাতার সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যুক্তরাষ্ট্র অঞ্চলের এ শাখার সিদ্ধান্তটি এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে।

পরিসংখ্যান বলছে, ২০২৫ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ১৩ জন। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত দেশটির ৪৫টি অঙ্গরাজ্য, নিউ ইয়র্ক সিটি এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া থেকে ২০২৬ সালে ৫ হাজার ১৮২ জন নিশ্চিত হাম রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। এ সংখ্যা গত বছরের মোট ২ হাজার ২৮৯ জন আক্রান্তের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিকে গত কয়েক দশকের মধ্যে দেশটিতে হামের অন্যতম ভয়াবহ প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০০০ সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ‘হাম নির্মূল’ দেশের স্বীকৃতি অর্জন করেছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব হয়। এর ফলে সমাজে যে ‘হার্ড ইমিউনিটি’ বা গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তা যারা শারীরিক কারণে টিকা নিতে অক্ষম তাদেরও সুরক্ষা দেয়। হামের টিকার দুটি ডোজ এ ভাইরাসের বিরুদ্ধে ৯৭ শতাংশ পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করে। সময়মতো চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা না নিলে হাম থেকে অন্ধত্ব, বধিরতা, মস্তিষ্কের স্থায়ী ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/এমএকে/