শিরোনাম

যুক্তরাষ্ট্রে উৎসব চলাকালীন বন্দুক হামলায় আহত ১২

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রে উৎসব চলাকালীন বন্দুক হামলায় আহত ১২
ওহাইওর টলেডোতে একটি সামাজিক উৎসবে বন্দুক হামলার ঘটনা তদন্ত করছে পুলিশ। ছবি: দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডোতে ঐতিহ্যবাহী উৎসব চলাকালীন আকস্মিক গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, উৎসবের মাঝে দুই পক্ষের মধ্যকার বন্দুকযুদ্ধের জেরে এ হতাহতের ঘটনা ঘটে। পলাতক সন্দেহভাজনদের গ্রেপ্তারে এলাকায় জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জো হেফারনান জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বলেন, অন্তত দুজন সশস্ত্র ব্যক্তি সম্ভবত একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল, যার খেসারত দিতে হয়েছে উৎসবে আসা সাধারণ মানুষকে। শহরের একটি ঐতিহাসিক এলাকায় আয়োজিত বার্ষিক লাইভ মিউজিক ও বাড়ি পরিদর্শনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল’ এর কাছে এ ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দ শুনে আতঙ্কিত লোকজন দিকবিদিক ছোটাছুটি করছেন এবং জরুরি বিভাগের কর্মীরা রক্তাক্ত মানুষদের প্রাথমিক শুশ্রূষা দিচ্ছেন।

উৎসবে অংশ নেওয়া মার্কিন নৌবাহিনীর চিকিৎসা বিষয়ক প্রশিক্ষিত কর্মী কেভিন বেরি জানান, বন্ধুদের সাথে বসে গান শোনার সময় হঠাৎ পর পর কয়েকটি গুলির শব্দ শুনতে পান তিনি। তাৎক্ষণিকভাবে তিনি সবাইকে মাটিতে শুয়ে পড়ার অনুরোধ জানান। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তিনি মাটিতে একটি বন্দুক ফেলে যেতে দেখেন। ঘটনাস্থলে আগে থেকেই ডিউটিরত পুলিশ কর্মকর্তারা দ্রুত সেখানে ছুটে যান। কেভিন বেরি আরও জানান, তিনি নিজেই উৎসব প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্তত ৫ জন আহত ব্যক্তিকে উদ্ধার ও চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন।

এ বর্বরোচিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন এক বিবৃতিতে বলেছেন, গ্রীষ্মকালীন উৎসবগুলো পরিবারের সকলের জন্য নিরাপদ স্থান হওয়া উচিত, কোনোভাবেই সহিংসতার ভয় পাওয়ার জায়গা নয়। এদিকে নগর পরিষদ সদস্য থেরেসা মরিস এটিকে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, এ হামলা স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থী উভয়ের মনেই গভীর ট্রমা ও নেতিবাচক প্রভাব ফেলছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/