শিরোনাম

সাহারা মরুভূমিতে আটকে পড়ে তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

সিটিজেন ডেস্ক
সাহারা মরুভূমিতে আটকে পড়ে তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করেছিল। ছবি: বিবিসি

উত্তর নাইজারের সাহারা মরুভূমির একটি প্রত্যন্ত অঞ্চলে যাত্রীবাহী একটি ট্রাক বিকল হয়ে চরম গরমে ও পানির অভাবে অন্তত ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালিতে একটি ধর্মীয় উৎসবে যোগ দিয়ে ফেরার পথে এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নাইজার ও আলজেরিয়া সীমান্তের প্রধান পারাপারের স্থান আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। মালির তেলহান্দেক শহর থেকে রওনা হওয়া গাড়িটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে মরুভূমির এক চরম প্রতিকূল পরিবেশের মধ্যে আটকে পড়েছিল। বেশ কয়েকদিন ধরে চালক, তার সহকারী এবং যাত্রীরা মিলে গাড়িটি মেরামতের আপ্রাণ চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। একপর্যায়ে তাদের সাথে থাকা পানি ফুরিয়ে গেলে তীব্র গরমে একে একে ৪৯ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ভয়াবহ পরিস্থিতি থেকে মাত্র দুজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে ফেরেন এবং মরুভূমি পাড়ি দিয়ে আসামাকায় পৌঁছে প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে আগাদেজের গভর্নরের নির্দেশে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা অচল ট্রাকটির নিচে ও আশপাশ থেকে নিথর দেহগুলো উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় সেখানেই গণকবরে দাফন করে। তবে এ হৃদয়বিদারক অভিযানের মাঝেই উদ্ধারকারী দলটি আরেকটি বড় বিপর্যয় এড়াতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ফেরার পথে তারা আরও একটি বিকল লরির সন্ধান পায়, যেখানে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণে ৬০ জনেরও বেশি মানুষ গত ৩ দিন ধরে অবরুদ্ধ ছিলেন। নাইজেরীয় সেনাদের সহায়তায় উদ্ধারকারী দলটি দ্রুত তাদের মাঝে পানি বিতরণ করে এবং গাড়িটি মেরামত করে তাদের নিরাপদ যাত্রার ব্যবস্থা করে।

এই দুঃখজনক ঘটনা প্রসঙ্গে আগাদেজের গভর্নর এক বিবৃতিতে বলেন, তীব্র তাপমাত্রা এবং রসদ সরবরাহের অভাবের কারণে এ অঞ্চলে টিকে থাকা অত্যন্ত কঠিন। পশ্চিম আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা অভিবাসীদের জন্য নাইজার মরুভূমি একটি প্রধান ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গভর্নর উল্লেখ করেন, এ মর্মান্তিক ঘটনাটি মূলত জীবনসংগ্রামে লিপ্ত এবং উন্নত জীবনের সন্ধানে বিপজ্জনক পথ বেছে নেওয়া অসহায় তরুণ ও অভিবাসীদের চরম ঝুঁকি ও দূরবস্থাকেই প্রকাশ করে।

সূত্র: বিবিসি

/এমএকে/