শিরোনাম

দেশের অর্ধেকের বেশি মানুষ হরমোনজনিত রোগে ভুগছে: ডা. ফরিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
দেশের অর্ধেকের বেশি মানুষ হরমোনজনিত রোগে ভুগছে: ডা. ফরিদ উদ্দিন
চিকিৎসক ও অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ৫০ শতাংশের বেশি মানুষ হরমোনজনিত রোগে ভুগছে বলে জানিয়েছেন চিকিৎসক ও অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।

শনিবার (২৫ এপ্রিল) হরমোন দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. ফরিদ উদ্দিন বলেন, হরমোনজনিত রোগগুলোর মধ্যে ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, স্থূলতা (অবেসিটি), পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অল্প বয়সে উচ্চ রক্তচাপসহ নানা জটিলতা এখন উদ্বেগজনক হারে বাড়ছে। ‘অনেক ক্ষেত্রে এসব রোগ প্রতিরোধযোগ্য। বিশেষ করে ডায়াবেটিস, থাইরয়েড ও পলিসিস্টিক ওভারি রোগের একটি বড় অংশ প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশ দূষণ এবং অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে।

প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এসেডবি সভাপতি বলেন, প্লাস্টিক থেকে নির্গত রাসায়নিক পদার্থ হরমোনের কার্যক্রমে বাধা সৃষ্টি করে, যা ডায়াবেটিস, বন্ধ্যাত্ব ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়।

তিনি বলেন, শিশুদের মধ্যেও এখন হরমোনজনিত সমস্যা বাড়ছে। স্কুলগামী শিশুদের মধ্যে প্রায় ১৮ শতাংশের ওজন বেশি এবং ৫-৬ শতাংশ ইতোমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত। অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব। সামান্য খরচে চিকিৎসা দিয়ে একটি শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়।

ডা. ফরিদ উদ্দিন বলেন, জন্মের পরপরই যদি পরীক্ষা করা যায়, হেলদি মাদার, হেলদি বেবি, হেলদি নেশন এই লক্ষ্য অর্জন করতে হলে আগে নিশ্চিত করতে হবে ‘হেলদি হরমোন’।

তিনি বলেন, প্রতিটি মেডিকেল কলেজে হরমোনজনিত রোগের সমন্বিত চিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি একটি জাতীয় হরমোন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা জরুরি, যেখানে জটিল ও বিরল রোগগুলোর চিকিৎসা ও গবেষণা করা যাবে।

এসেডবি সভাপতি বলেন, জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য ছড়িয়ে দিলে এই নীরব মহামারি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

/এসবি/