শিরোনাম

কোমল পানীয় কি অ্যাসিডিটি দূর করে?

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কোমল পানীয় কি অ্যাসিডিটি দূর করে?
প্রতীকী ছবি

অ্যাসিডিটি বা বুকজ্বালা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অনেকেই অ্যাসিডিটি দূর করার জন্য কোমল পানীয় পান করেন। তাদের ধারণা এতে সমস্যা সমাধান হয়। তবে কোমল পানীয়তে সাময়িকভাবে একটু আরাম মিললেও চিকিৎসাবিজ্ঞান বলছে ভিন্ন কথা। কোমল পানীয় কি আসলেই অ্যাসিডিটি দূর করতে পারে, নাকি সমস্যাকে আরও জটিল করে তোলে? চলুন জেনে নেওয়া যাক-

কোমল পানীয় অ্যাসিডিটি বাড়ায়

কোমল পানীয় তৈরিতে প্রচুর পরিমাণে ফসফরিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এগুলো পাকস্থলীতে গিয়ে স্বাভাবিক অ্যাসিডের মাত্রা আরও বাড়িয়ে দেয়। ফলে বুকজ্বালা ও গ্যাস্ট্রিকের সমস্যা দ্বিগুণ হয়ে যায়।

আবার এই পানীয়গুলোতে কার্বন ডাই-অক্সাইড থাকে। এটি পেটে যাওয়ার পর পাকস্থলী ফুলে যায়। ফলে ভেতরের অ্যাসিডকে ওপরের দিকে ঠেলে দেয়। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অ্যাসিড রিফ্লাক্স বলা হয়। এছাড়া কোল্ড ড্রিংকসে প্রচুর চিনি এবং ক্যাফেইন থাকে। যা পাকস্থলীর অ্যাসিড উৎপাদন বাড়িয়ে দেয় এবং হজম প্রক্রিয়াকে ধীরগতির করে।

সাময়িক স্বস্তি কেন মনে হয়?

কোমল পানীয় পান করার পর ঢেকুর ওঠে। এটা আসলে ড্রিংকসের ভেতরে থাকা কার্বন ডাই-অক্সাইড গ্যাস। এটি পাকস্থলীর ভেতরের আটকে থাকা বাতাসকে বের করে দেয়। এজন্য সাময়িকভাবে কিছুটা হালকা বা আরম বোধ হয়। কিন্তু এর কিছুক্ষণ পরেই সমস্যা তৈরি হয়।

অ্যাসিডিটি দূর করার প্রাকৃতিক উপায়

ডাবের পানি

অ্যাসিডিট দূর করতে ডাবের পানি খেতে পারেন। এটি প্রাকৃতিকভাবে ক্ষারীয়। যা পেটের অ্যাসিডকে শান্ত করে।

ঠান্ডা দুধ

ঠান্ডা দুধ অ্যাসিডিটি দূর করার বড় মাধ্যম। এটি পাকস্থলীর অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডকে শুষে নেয়।

আদা চা বা আদার রস

আদার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হজমক্ষমতা বাড়িয়ে দেয় এবং গ্যাস কমাতে সহায়তা করে।

পুদিনা পাতার রস বা পানি

পুদিনা পাতা পেট ঠান্ডা রাখে এবং বুকজ্বালা কমায়। অ্যাসিড দূর করার এটি আদর্শ মাধ্যম হিসেবে পরিচিত।

তবে অ্যাসিডিটির সমস্যা বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম।

/জেএইচ/