শিরোনাম

গালি দিলে জরিমানা গুনতে হয় যে গ্রামে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গালি দিলে জরিমানা গুনতে হয় যে গ্রামে
প্রতীকী ছবি

মনের রাগ বা ক্ষোভ প্রকাশ করতে অনেকেই গালি দিয়ে থাকেন। এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, যিনি গালি দেন না। তবে এমন একটি গ্রাম আছে, যার বাসিন্দারা শপথ নিয়েছেন- যা কিছু হয়ে যাক, যেমন পরিস্থিতিই আসুক না কেন, কখনো মুখ থেকে খারাপ শব্দ বের করবে না। শুধু তাই নয়- কেউ যদি এই প্রতিশ্রুতি ভেঙে ফেলেন, তার শাস্তি কী হবে তাও নিজেরাই ঠিক করে নিয়েছেন। এমন আজব ও ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট গ্রাম সৌন্দলা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৪৫০টি পরিবার নিয়ে গঠিত সৌন্দলা গ্রামের মোট জনসংখ্যা প্রায় ২৫০০ জন। এখানকার প্রায় ৭০ শতাংশ বাসিন্দা ‘উচ্চ বর্ণের’ হিন্দু এবং বাকিরা দলিত। এছাড়াও প্রায় ৪টি পরিবার মুসলিম এবং ১০-১৫টি পরিবার খ্রিস্টধর্মাবলম্বী। গ্রামের বাসিন্দাদের জীবিকার প্রধান উৎস আখ চাষ।

গ্রামটির বাসিন্দারা শপথ নিয়েছেন যা কিছু হয়ে যাক, যেমন পরিস্থিতিই আসুক না কেন, কখনও মুখ থেকে খারাপ শব্দ ব্যবহার করবেন না তাঁরা। যদি কেউ এই প্রতিশ্রুতি ভাঙেন, সেক্ষেত্রে ৫০০ রুপি জরিমানা দিতে হবে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, গ্রামের নারীদের মর্যাদা ও আত্মসম্মান রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গ্রামটিতে শ্রেণি-প্রথাও বিলুপ্ত করা হয়েছে।

জানা যায়, সৌন্দলা গ্রামের অন্যতম সমস্যা ছিল এই গালিগালাজ। কারও সঙ্গে ঝগড়া হলে মা-বোনকে উদ্দেশ করে ঘৃণ্য গালি দেওয়া হত। এই ঘটনায় লাগাম টানতেই গ্রামবাসী মিলে শপথ নেন তারা কখনো বাজে শব্দ ব্যবহার করবেন না। এমনটা করলে ৫০০ রুপি জরিমানা দিতে হবে। এর পর থেকেই গ্রামে গালি দেওয়ার ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানা যায়।

সূত্র: এনডিটিভি, দ্য প্রিন্ট, পিটিআই

/জেএইচ/