চীনের যে হাসপাতালে মেলে বিশ্বমানের স্বাস্থ্যসেবা

চীনের যে হাসপাতালে মেলে বিশ্বমানের স্বাস্থ্যসেবা
চীনের গুয়াংজু ফার্স্ট পিপলস হসপিটাল।

স্বাস্থ্যসেবায় শতবর্ষের বেশি ঐতিহ্য ও সাফল্য আছে। দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও নতুন প্রযুক্তির অপূর্ব সমন্বয়ে দেওয়া হয় চিকিৎসা। হেমাটোলজি, বোন ম্যারো প্রতিস্থাপন থেকে শুরু করে নানা ধরনের জটিল রোগের অত্যাধুনিক চিকিৎসাসেবা দেওয়া হয়। রয়েছে চিকিৎসা নিয়ে গবেষণার সুযোগ। এখান থেকে চিকিৎসা নিয়ে প্রতি বছর লাখ লাখ মানুষ সুস্থ হচ্ছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের রোগী আসেন এখানে।

বিশ্বজুড়ে সুনাম ছড়িয়ে পড়া এই হাসপাতালটি চীনে। এর নাম গুয়াংজু ফার্স্ট পিপলস হসপিটাল। ১৮৯৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। দুই হাজার ৪৯০ শয্যার এই হাসপাতালে বছরে প্রায় ৩০ লাখ রোগী সেবা নিচ্ছেন। বিশেষ করে জেরিয়াট্রিক (বয়োবৃদ্ধদের চিকিৎসা), গ্যাস্ট্রোএন্টারোলজি এবং ইউরোলজি বিভাগের চমৎকার সেবা বাংলাদেশি রোগীদের এখানে চিকিৎসা নিতে আগ্রহী করে তুলেছে।

সম্প্রতি চীনের এই বিখ্যাত হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশের ৪০ জন সাংবাদিক। এই সময় তারা হাসপাতালটির রিহ্যাবিলিটেশন (পুনর্বাসন) এবং ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন (টিসিএম) বিভাগসহ বেশ কয়েকটি বিশেষায়িত বিভাগ, চিকিৎসাসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতি পর্যবেক্ষণ করেন। চীন ও বাংলাদেশের মধ্যে চিকিৎসাবিষয়ক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ স্বাস্থ্যসেবার বিকাশে এ উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশি সাংবাদিকদের ওই প্রতিনিধি দল গত ২৫ অক্টোবর চীন সফর করেন।

পুনর্বাসন ও অস্ত্রোপচার-পরবর্তী সেবা

এই প্রসিদ্ধ হাসপাতালটির পুর্নবাসন বিভাগের সুপরিকল্পিত সেবা খুব ভালো মানের। কারণ এখানে অস্ত্রোপচারের পর রোগীকে সম্পূর্ণ সুস্থ করার জন্য বিভিন্ন প্রযুক্তি ও যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় তা খুবই কার্যকর। হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি সাংবাদিকদে রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী কীভাবে পুনর্বাসনের পরিকল্পনা সাজানো ও তা বাস্তবায়ন করা হয় তা বুঝিয়ে দিয়েছে।

চীনে গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন এক বাংলাদেশি সাংবাদিক। ছবি: সিটিজেন জার্নাল
চীনে গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন এক বাংলাদেশি সাংবাদিক। ছবি: সিটিজেন জার্নাল

হাসপাতালের ‘নানশা হেলথ এক্সামিনেশন সেন্টার’-এ প্রতিনিধি দলের সদস্যদের বিনা মূল্যে প্রিমিয়াম হেলথ স্ক্রিনিংয়ের সুযোগ দেওয়া হয়। আধুনিক ‘পেট–সিটি এবং ৩টি এমআরআইয়ের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

হাসপাতালটির ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের অধীনে বাণিজ্যিক বিমার সরাসরি সেটেলমেন্ট সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মান নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রশংসা করেন সফররত প্রতিনিধিরা। পরীক্ষা চলাকালে যেকোনো অস্বাভাবিকতা দেখা দিলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়।

স্টেম সেল প্রতিস্থাপনে বেশি সাাফল্য

হাসপাতালটিতে হেমাটোলজি বা রক্তরোগসংক্রান্ত বিশেষ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এটি দক্ষিণ চীনের অন্যতম বৃহৎ ‘হেমাটোপোয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড সেল থেরাপি সেন্টার’ হিসেবে পরিচিত। এখানে ৩০টি উচ্চমানের ‘গ্রেড-১০০ ল্যামিনার ফ্লো’ ট্রান্সপ্লান্টেশন ওয়ার্ড রয়েছে। এ সেন্টারে বছরে প্রায় ৩০০টি স্টেম সেল (ক্ষতিগ্রস্ত অস্থিমজ্জা) প্রতিস্থাপন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, স্টেম সেল প্রতিস্থাপনে বেঁচে থাকার হার ৯০ শতাংশ।

গুয়াংজু ফার্স্ট পিপলস হসপিটালের এই কেন্দ্রে নানা ধরনের রক্তরোগের চিকিৎসা দেওয়া হয়। অ্যালাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়ার মতো বিরল জিনগত রোগের আধুনিক চিকিৎসায় এই অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে এই কেন্দ্র।

হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসা নেওয়ার পর জটিল রোগীদের বেঁচে থাকার হার তুলনামূলকভাবে বেশি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রাপ্তবয়স্ক ও শিশুদের মাঝারি ও উচ্চ-ঝুঁকিপূর্ণ তীব্র লিউকেমিয়ার ক্ষেত্রে ৫ বছরের রোগমুক্ত বেঁচে থাকার হার ৭০ শতাংশ ও জুভেনাইল মাইলোমনোসাইটিক লিউকেমিয়ার ক্ষেত্রে ৫ বছরের সামগ্রিক বেঁচে থাকার হার ৯০ শতাংশের বেশি। এই বিভাগের চিকিৎসক দল এক হাজার ৫০০টিরও বেশি স্টেম সেল প্রতিস্থাপন করেছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক এবং বিভিন্ন ওজন ও বয়সের রোগীদের চিকিৎসায় তারা দক্ষতার পরিচয় দিয়েছেন।

বাংলাদেশি সাংবাদিকেরা ওই বিভাগ ঘুরে দেখায় সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে রোগী ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা ও স্টেম সেল প্রতিস্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

চীনের গুয়াংজু ফার্স্ট পিপল হাসপাতালের বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখছেন বাংলাদেশি সাংবাদিকেরা। ছবি: সিটিজেন জার্নাল
চীনের গুয়াংজু ফার্স্ট পিপল হাসপাতালের বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখছেন বাংলাদেশি সাংবাদিকেরা। ছবি: সিটিজেন জার্নাল

আকুপাংচার থেরাপি

বাংলাদেশি সাংবাদিকদের সামনে হাসপাতাল কর্তৃপক্ষ আকুপাংচার থেরাপিসহ ঐতিহ্যবাহী চীনা চিকিৎসার সাহায্যে ব্যথা ব্যবস্থাপনা এবং স্নায়ুবিক পুনর্বাসনের কার্যকারিতা তুলে ধরেন। তারা সরাসরি আকুপাংচার থেরাপির অভিজ্ঞতাও নেন।

বিদেশি রোগীদের জন্য বিশেষ সেবা

এখানে বিদেশি রোগীদের জন্য ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টার আছে। এখানে আন্তর্বিভাগ ও বহির্বিভাগ, চিকিৎসা সমন্বয়কারী দল, বহুভাষিক সহায়তা, অনুবাদ সেবা এবং ওয়ান-স্টপ সেবার ব্যবস্থা রয়েছে।

এখানে চিকিৎসা নেওয়া পুরো প্রক্রিয়া তিন ধাপে বিভক্ত। চিকিৎসা শুরুর আগে চিকিৎসা পূর্ব-পরামর্শ, প্রাথমিক স্ক্রিনিং, পরামর্শের আমন্ত্রণ এবং ভিসা সহায়তা। এরপর হাসপাতালে ভর্তি, নির্দিষ্ট চিকিৎসক ও ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ, এবং সার্বক্ষণিক ‘ওয়ান-অন-ওয়ান’ সেবা ও ডিসচার্জ। চিকিৎসার শেষে নিয়মিত ফলোআপ ও পুনঃপরীক্ষা।

খোঁজ নিয়ে জানা গেছে, গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতালে গুয়াংডং প্রদেশের প্রথম সারি ‘গ্রেড থ্রি ক্লাস এ’ হাসপাতাল মর্যাদা পেয়েছে। এটি গুয়াংজু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম অধিভুক্ত হাসপাতাল এবং সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজির দ্বিতীয় অধিভুক্ত হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

হাসপাতালটির সার্বিক বিষয় নিয়ে কথা হয় ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টার অব গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতালের নির্বাহী পরিচালক চেংজুয়ান ঝাংয়ের সঙ্গে। তিনি বলেন, এখানে সাধারণ চিকিৎসাসেবা পাশাপাশি বিশেষায়িত সেবাও দেওয়া হয়। তিনটি ক্যাম্পাসে মোট শয্যাসংখ্যা প্রায় ২ হাজার ৯৭০। এখানে বছরে প্রায় ৩০ লাখ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। হাসপাতালটিতে স্টেট কাউন্সিলের বিশেষ সরকারি ভাতা পাওয়া ১০ জন বিশেষজ্ঞ এবং এক হাজারের বেশি জ্যেষ্ঠ পেশাজীবী রয়েছেন। এসব কারণে এখানে এসে রোগীরা ভালো সেবা পাচ্ছেন। এখানে বিদেশ থেকেও রোগীরা সেবা নিতে আসেন।

চিকিৎসাসেবা নিয়ে বাংলাদেশির অভিজ্ঞতা

অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও অনেক রোগী এই হাসাপাতালে চিকিৎসা নিতে আসেন। গত অক্টোবরে ঢাকার ধানমন্ডি এলাকার আব্দুল্লাহ হাসান নাসির তার এক স্বজনকে নিয়ে এখানে চিকিৎসা করাতে আসেন। এখানে তার স্বজনের বোন ম্যারো প্রতিস্থাপন করা হয়। আব্দুল্লাহ হাসান জানালেন, এখানে চিকিৎসাসেবা খুব উন্নতমানের। বোন ম্যারো প্রতিস্থাপন তাদের ৪৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

/বিবি/