শিরোনাম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির নিহত

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির নিহত
দুর্ঘটনাকবলিত গাড়ি। (ইনসেটে) নিহত দুই প্রবাসী বাংলাদেশি

সৌদি আরবে তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে দেশটির আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন– সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ।

অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় কমিউনিটি ও প্রশাসন কাজ করছে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্যে জানা গেছে, দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন নিহত আব্দুল করিম ও খালিদ আহমদ। সম্প্রতি তারা দেশে ফেরার প্রস্তুতি নেন। সোমবার দেশে ফেরার ফ্লাইট ধরতে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কানাইঘাটের ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন গণমাধ্যমকে বলেন, নিহত দুজনই বাণীগ্রাম ইউনিয়নের বাসিন্দা। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

/এফআর/