শিরোনাম

৪ খাতে বাংলাদেশি কর্মী নিতে চায় কাতার

নিজস্ব প্রতিবেদক
৪ খাতে বাংলাদেশি কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশ থেকে চার খাতে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। খতগুলো হলো- ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাবিং। এছাড়া বাংলাদেশে আরও কয়েকটি ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই মুসলিম দেশ।

সোমবার (১৮ মে) ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

তিনি বলেন, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাবিং-এই চার সেক্টরে তারা দক্ষ কর্মী নেবে। এ বিষয়ে তাদেরকে উৎসাহিত করা হয়েছে বলে জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আমরা দক্ষ কর্মী তৈরি করে পাঠাবো।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, কাতারে ইমাম ও মুয়াজ্জিন যাওয়ার সংখ্যা মাঝখানে কমে গিয়েছিল। আমরা সেটা বাড়ানোর অনুরোধ করেছি। এছাড়াও তারা নতুন করে প্লাবিং, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও ইলেকট্রিশিয়ান এই চারটি খাতে আমাদের একটা সুযোগ দেওয়ার কথা বলেছে।

বাংলাদেশে কাতারের ভিসা সেন্টার মাত্র একটি। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এই সংখ্যা আরও বাড়ানোর কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন।

/জেএইচ/