শিরোনাম

লেবাননে ইসরায়েলি হামলায় ৪ বাংলাদেশি আহত, নারীর পা বিচ্ছিন্ন

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় ৪ বাংলাদেশি আহত, নারীর পা বিচ্ছিন্ন
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডুলি।

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক ঘোষণার পর হামলা তীব্র করেছে দখলদার বাহিনী।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননজুড়ে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫৮ জন। আহতদের মধ্যে ৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আহত বাংলাদেশিদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মোমিন মিয়া এবং আরেকজন নরসিংদীর জয়েনা আক্তার। বাকিদের তথ্য সংগ্রহের চেষ্টা করছে দূতাবাস।

বিস্ফোরণে জয়েনা আক্তারের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। এর আগে লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত হয়।

এদিকে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণ করেছে। এসব হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছেন। তারা ভোরে আদলুন মহাসড়ক দিয়ে পালানোর সময় ইসরায়েলি ড্রোন হামলার শিকার হন।

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহর ওপর হামলা বাড়ানোর ঘোষণা দেন। এর পরপরই লেবাননে হামলা তীব্র করেছে দখলদার বাহিনী।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে দুই দফায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও হামলা বন্ধ করেনি দখলদার ইসরায়েল।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/