বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যেভাবে ভিসা আরও সহজ করলো জার্মানি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যেভাবে ভিসা আরও সহজ করলো জার্মানি
বাংলাদেশ ও জার্মানির জাতীয় পতাকা। ছবি:বাসস

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের ইউরোপের অন্যতম দেশ জার্মানি। সেই স্বপ্ন পূরণে দেশটির দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’।

এই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। নতুন ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

নতুন ব্যবস্থায় পাওয়া যাবে যেসব সুবিধা

নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা কয়েকটি সুবিধা পাবেন। এগুলো হচ্ছে;

১. অনলাইনে আবেদন: দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে।

২. কাগজপত্রের প্রাথমিক যাচাই: ভিএফএসের মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।

৩. দ্রুত অ্যাপয়েন্টমেন্ট: নির্ধারিত দিনে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

৪.আবেদনের অগ্রগতি জানা: ডিজিটাল পোর্টালে প্রবেশ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন আবেদনকারীরা।

৫. পরিবারসহ আবেদন: প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকবে।

নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় কমবে এবং ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হবে। তবে প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।

অপেক্ষমাণ শিক্ষার্থীরাও পাবেন নতুন করে আবেদনের সুযোগ

নতুন ব্যবস্থার কারণে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ পুরোনো ব্যবস্থায় যারা ইতোমধ্যে অপেক্ষমাণ তালিকায় নিবন্ধন করেছেন, তাদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য এ পরিবর্তন সাময়িক অসুবিধা তৈরি করতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময়ও কমতে পারে।

আবেদন করবেন যেভাবে

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জার্মানিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের জন্য https://digital.diplo.de/ -এই পোর্টালে প্রবেশ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা জার্মান দূতাবাসের www.dhaka.diplo.de -এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

/বিবি/