হাকিমির হ্যাটট্রিক, অবদান রাখলেন ৫ গোলে

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
হাকিমির হ্যাটট্রিক, অবদান রাখলেন ৫ গোলে
আশরাফ হাকিমি

ডিফেন্ডার হলেও প্রায় নিয়মিতই গোল করেন আশরাফ হাকিমি। আক্রমণের জোগান দেন নিয়মিত। কিন্তু হ্যাটট্রিক, এবার সেটিও করলেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করার পাশাপাশি পাঁচ গোলে অবদান রেখে পিএসজিকে জেতালেন এই রাইট ব্যাক।

চোটের কারণে খিচা কাভারেস্কেলিয়া, উসমান দেম্বেলেরা ছিলেন না। চোট সমস্যা ছিল আরও কয়েকজনের। তবে হাকিমি একাই পূরণ করে দেন সবার শূন্যতা।

ফরাসি লিগের ম্যাচটিতে লে হাভরেকে ৫-১ গোলে বিধ্বস্ত করে পিএসজি। দলের সব গোলেই ছিল হাকিমির ছোঁয়া।

ক্লাব ও দেশের হয়ে ক্যারিয়ারের ৪৮৬তম ম্যাচে প্রথমবার হ্যাটট্রিকের স্বাদ পেলেন ২৭ বছর বয়সী এই তারকা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গত চার মৌসুমের মধ্যে এক ম্যাচে পাঁচ গোলে অবদান রাখা চতুর্থ ফুটবলার হাকিমি। ফরাসি লিগে সবশেষ এমন কিছু করতে পেরেছিলেন ২০২২ সালে অগাস্টে পিএসজির হয়েই নেইমার।

সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির এটি টানা নবম জয়। লিগে শীর্ষস্থান ধরে রাখলো তারা, ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে।

/টিই/