শিরোনাম

নিলামে কোটি টাকায় বিক্রি জিমিনের সেই শার্ট

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
নিলামে কোটি টাকায় বিক্রি জিমিনের সেই শার্ট
২০২৬ বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে বিটিএস তারকা জিমিনের পারফর্মেন্স

২০২৬ ফুটবল বিশ্বকাপের বিভিন্ন স্মারক নিয়ে ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শীর্ষক অনলাইন নিলাম শেষ হয়েছে। দাতব্য এ নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ফাইনালে ব্যবহৃত ম্যাচের বল ও বিটিএস তারকা জিমিনের পরা শার্ট। প্রতিটি স্মারকের দাম উঠেছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৩৫ লাখ টাকারও বেশি)। এটি আয়োজকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। জিমিনের শার্টটির প্রাথমিক আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৩,০০০ থেকে ৫,০০০ মার্কিন ডলার।

ক্রিস্টিজ অকশন হাউস আয়োজিত এক সপ্তাহ ধরে চলা এ নিলাম শেষ হয় গত বুধবার। এতে ২৪টি দেশের ক্রেতারা অংশ নেন। নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগ্রহ হয়েছে।

বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শোতে বিটিএস পরিবেশন করেছিল তাদের জনপ্রিয় গান ‘ডায়নামাইট’। ব্যান্ডটির সদস্যদের ব্যবহৃত বিভিন্ন পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী মিলিয়ে বিক্রি হয়েছে ৩ লাখ ৩০০ মার্কিন ডলার, যা নিলামের মোট আয়ের প্রায় ৪৬ শতাংশ।

জিমিনের শার্ট ছাড়াও জাংকুকের জ্যাকেট ৪৬ হাজার ২০০ ডলারে, ভির স্কার্ফ ৪৬ হাজার ২০০, সুগার প্যান্ট ৩৩ হাজার, জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০, আরএমের বুট ১৯ হাজার ৮০০ এবং জিনের বেল্ট ১৬ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে।

অন্যদিকে শাকিরাকে উপহার দেওয়া লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ডলারে। পাশাপাশি বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর মিউজিক ভিডিওতে তার পরা পোশাকটি ৮ হাজার ২৪০ ডলারে বিক্রি হয়েছে। গানটি হাফটাইম শো-তেও পরিবেশন করা হয়েছিল।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাডোনার ব্যবহৃত ও স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস বিক্রি হয়েছে ৪১ হাজার ৮০০ ডলারে। আর হাফটাইম শোতে জাস্টিন বিবারের পরা ‘স্কাইলর্ক’ ব্র্যান্ডের স্নিকার্স বিক্রি হয়েছে ২৬ হাজার ৪০০ ডলারে।

নিলাম থেকে পাওয়া এসব অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দেওয়া হবে। এই তহবিলের লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানো। বিশ্বের প্রায় ২০০টি দেশে তৃণমূল পর্যায়ে এই অর্থ ব্যয় করা হবে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্পেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস, গালফ নিউজ

/জেএইচ/