শিরোনাম

ঢাকা মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, দিলেন বার্তা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ঢাকা মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, দিলেন বার্তা

অবশেষে সব জল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে কনসার্টে পারফর্ম করবেন তিনি। এ উপলক্ষে ঢাকার ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই গায়ক।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, ‘হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।’

ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকার মঞ্চে প্রিয় শিল্পীকে দেখতে মুখিয়ে আছেন সংগীতপ্রেমিরাও।

‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটারস একাডেমিতে। কনসার্টের দিন দুপুর ২টায় ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। বন্ধ হবে সন্ধ্যা ৬টায়। কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়, চলবে রাত ১০টা পর্যন্ত।

আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

এরই মধ্যে ‘গেটমাইটিকিট’ ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য আতিফের জনপ্রিয় গানের নামে তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে। ‘দূরি’ এরিয়া ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত’ এরিয়া ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর’ এরিয়া ১০ হাজার ৯৯৯ টাকা।

প্রসঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি মেইন স্টেজ। আয়োজক প্রতিষ্ঠানটি তখন জানিয়েছিল, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। তারা জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয় বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে। সে হিসেবে কথা রেখেছে তারা।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার কোনো প্রয়োজন হবে না। তাদের শুধু মেইনস্টেজডটশো ওয়েবসাইটে গিয়ে রি-ক্লেইম টিকেটে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে।

যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও রিফান্ড পাননি, তারাও চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।

পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম বলিউডের এক জনপ্রিয় নাম। ‘তু জানে না’, ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আগেও বেশ কয়েকবার ঢাকা এসেছেন আতিফ।

/জেএইচ/