স্মরণ

সুরে-শব্দে সংগ্রামের কথা বলেছেন হেমাঙ্গ বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সুরে-শব্দে সংগ্রামের কথা বলেছেন হেমাঙ্গ বিশ্বাস
গণসংগীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসে

বাংলা গণসংগীতের ইতিহাসে হেমাঙ্গ বিশ্বাস এক অবিস্মরণীয় নাম। তার কাছে গান ছিলো শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী হাতিয়ার। কৃষক-শ্রমিকের অধিকার, মানুষের মুক্তি, সাম্য ও মানবতার কথা তিনি তুলে ধরেছেন সুর ও কথায়। জীবনের শেষ দিন পর্যন্ত গণমানুষের সংগ্রামের পাশে থাকা এই শিল্পী বাংলা সংগীতে রেখে গেছেন অনন্য উত্তরাধিকার।

আজ ২২ নভেম্বর, হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী। ১৯৮৭ সালের এই দিনে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯১২ সালের ১৪ ডিসেম্বর হবিগঞ্জের মিরাশী গ্রামে জমিদার হরকুমার বিশ্বাসের পরিবারে জন্ম তার। উচ্চবর্গীয় পরিবারে জন্ম নিয়েও শ্রেণিগত অবস্থান তাকে শোষিত মানুষের কাছ থেকে দূরে সরাতে পারেনি। বরং আজীবন তিনি বঞ্চিত ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন।

শৈশব থেকেই গান ও কবিতার প্রতি ঝোঁক ছিল হেমাঙ্গের। স্কুলে যাওয়ার পথে মাঠের মধ্যে গান গাইতেন। তার গান শুনে আনন্দ পেতেন কৃষকেরা। সংগীতের হাতেখড়ি হয় মা সরোজিনী বিশ্বাসের কাছে। জ্যোতিপ্রকাশ আগরওয়ালের কাছ থেকে কিছুটা প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষা নেন তিনি। বাকি পথ এগিয়েছেন নিজের সাধনা ও অনুশীলনে।

কলেজ জীবনেই রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয় তার। স্বদেশী আন্দোলনে যুক্ত থাকার কারণে একাধিকবার কারাবরণ করতে হয় তাকে। ব্রিটিশ শাসকদের নানা প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের অবস্থানে অনড় থাকেন তিনি। এ সময় কংগ্রেসের অহিংস নীতির প্রতি আস্থা হারিয়ে মার্কসবাদী রাজনীতির দিকে ঝুঁকে পড়েন হেমাঙ্গ বিশ্বাস।

চল্লিশের দশকের তেভাগা আন্দোলনে কৃষক-শ্রমিকের বঞ্চনা ও অধিকার আদায়ের আকাঙ্ক্ষাকে গানে রূপ দেন তিনি। শুধু গান রচনা নয়, যাদের জন্য গান, তাদের আন্দোলনেও সরাসরি অংশ নিয়েছেন। ১৯৪২ সালে সিলেটে গঠন করেন ‘সুরমা ভ্যালি কালচারাল স্কোয়াড’। গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমজীবী মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ ছড়িয়ে পড়ে সিলেট ও আসামের বিভিন্ন অঞ্চলে। এ সময় তার সৃষ্টি ‘সুরমা নদীর গাঙচিল’ বিশেষ পরিচিতি পায়।

১৯৪৬ সালে আসামে গণনাট্য সংঘের সাধারণ সম্পাদক নির্বাচিত হন হেমাঙ্গ বিশ্বাস। পরপর তিনবার এ দায়িত্ব পালন করেন। এ সময় তার লেখা ব্যঙ্গাত্মক গান ‘মাউন্টব্যাটন মঙ্গলকাব্য’ ব্যাপক সাড়া ফেলে। ক্ষমতা, শোষণ ও ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে তার গান মানুষের কাছে পৌঁছে যায়।

১৯৫১ সালে আবারও গ্রেপ্তার হন তিনি। পরে অসুস্থতার কারণে মুক্তি পান। ১৯৫৭ সালে চিকিৎসার জন্য চীনে যান এবং সেখানে তিন বছর অবস্থান করেন। চীনের ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার অভিজ্ঞতা থেকে রচনা করেন ‘আমি যে দেখেছি সেই দেশ’। ১৯৬১ সালে কলকাতার সোভিয়েত কনস্যুলেটে চাকরি নিলেও আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের বিভাজনের প্রেক্ষাপটে ১৯৭৪ সালে তা ছেড়ে দেন। ১৯৬৯ সালে নকশাল আন্দোলনের প্রতিও প্রকাশ্যে সমর্থন জানান।

১৯৬৪ সালে ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে ‘শঙ্খচিলের গান’ রচনা করেন তিনি। এ ছাড়া ‘জন হেনরী’, ‘আমরা করব জয়’ এবং ‘জাগো সর্বহারা অনশনবন্দী কৃতদাস’সহ অসংখ্য গানে তুলে ধরেছেন মানুষের অধিকার ও মুক্তির আকাঙ্ক্ষা।

জীবনের শেষ দিন পর্যন্ত ‘মাস সিঙ্গারস’ সংগীত দল নিয়ে দেশ-বিদেশে ঘুরেছেন। গান গেয়ে ছড়িয়েছেন প্রতিবাদ ও গণসচেতনতার বার্তা।

হেমাঙ্গ বিশ্বাস আজ নেই, কিন্তু তার গান এখনো শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জোগায়। সময়ের পরিবর্তনেও তার সৃষ্টির আবেদন ম্লান হয়নি। বাংলা গণসংগীতের ইতিহাসে তিনি তাই শুধু একজন শিল্পী নন, গণমানুষের সংগ্রাম ও মানবমুক্তির এক চিরজাগরূক কণ্ঠস্বর।

/এসবি/