শিরোনাম

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
কোক স্টুডিও

দক্ষিণ এশিয়ার তুমুল জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও পাকিস্তান’ নতুন রূপে প্রকাশিত হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বেরে।

এই প্ল্যাটফর্ম ‘নু ডট ওয়েভ’ নামে নতুন একটি প্রোজেক্টের ঘোষণা দিয়েছে। যার মাধ্যমে নতুন ধারার মোট ছয়টি গান প্রকাশ করা হবে। পরে ধাপে ধাপে আসবে গানগুলো।

এই প্রোজেক্টের মাধ্যমে সম্পূর্ণ নতুন এক আবহ ও ভাবনা নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন একঝাঁক সংগীতশিল্পী। যেখানে তাদের সৃজনশীলতা ফুটিয়ে তোলা হবে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও কোক স্টুডিওর নিয়মিত মুখ কামাল খানের নির্বাহী প্রযোজনায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। প্রথাগত একটি নির্ধারিত ব্যান্ড কিংবা একক নির্দেশনার বাইরে গিয়ে এবার হোম স্টুডিও ও ডিজিটাল মাধ্যমে কাজ করা তরুণ শিল্পীদের স্বাধীনভাবে সৃষ্টির সুযোগ দেওয়া হয়েছে।

‘মাহিয়া’, ‘দিল’, ‘রঙিন’, ‘কসম’, ‘শবনম’ এবং ‘অ্যায় দিওয়ানে দিল’ শিরোনামের গানগুলোতে পাকিস্তানের সমসাময়িক সংস্কৃতির ভিন্ন ভিন্ন আবেগ তুলে ধরা হবে। এই আয়োজনে হাসান রহিম, শে গিল, আসিম আজহার ও ইয়াং স্টানার্সের মতো জনপ্রিয় তারকাদের পাশাপাশি সুযোগ পেয়েছেন নতুন মুখ।

এছাড়াও কোক স্টুডিও ‘নু ডট ওয়েভ’ -এর প্রতিটি গানের নেপথ্য সুর ও সাউন্ডশৈলী সাজাতে একঝাঁক ভিন্নধর্মী মিউজিক প্রডিউসারকে যুক্ত করা হয়েছে। তারা হলেন- আবদুল্লাহ কাসুম্বি, আলী সুমরো, জোখায়, রভালিও, তালাল কুরেশি এবং উমায়ের।

বিগত ১৫টি সিজনে প্রায় সাড়ে ৩০০ গান প্রকাশের মাধ্যমে বিশ্বজুড়ে পৃথক একটি পরিচিতি তৈরি করেছে কোক স্টুডিও পাকিস্তান। আয়োজকদের মতে, দুই দশকের এই ঐতিহাসিক সাফল্যকে সামনে রেখে নতুন প্রজন্মের নিজস্ব সংগীতচর্চাকে মূলধারায় আনতেই ‘নু ডট ওয়েভ’ যুক্ত করা হয়েছে। সারা পাকিস্তান থেকে ডিজিটাল মাধ্যমে আবেদন করা হাজার হাজার উদীয়মান শিল্পীর প্রতিভাকে যাচাই-বাছাই করেই সাজানো হয়েছে কোক স্টুডিওর এই নতুন সিজন।

/এ/জেএইচ/