প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, কেন আলোচনায় সাফা কবির

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, কেন আলোচনায় সাফা কবির
বামে প্রীতম হাসান, মাঝে সাফা কবির, ডানে শেহতাজ

প্রীতম হাসান ও শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। এ নিয়ে আলোচনা, সমালোচনা ও ট্রলের মধ্যেই ভিন্ন কারণে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাফা কবির।

কোনো মন্তব্য বা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি নির্ভার মুহূর্তের ছবি ঘিরেই শুরু হয়েছে এই আলোচনা।

শোবিজ অঙ্গনে বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনায় সাফা কবিরের উপস্থিতি নতুন নয়। সমসাময়িক অনেক তারকার বিয়েতে তাকে দেখা গেছে। তাদের মধ্যে ছিলেন প্রীতম হাসান ও শেহতাজও। তবে সেই সম্পর্কের ইতি টানার ঘোষণা আসার পরই নতুন করে আলোচনায় এসেছে সাফার নাম।

এর অন্যতম কারণ, সাফা কবির এখনো বিয়ে করেননি। ফলে নেটিজেনদের একাংশ মজার ছলে তার জীবনযাপনের সঙ্গে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের বিষয়টি মিলিয়ে দেখছেন। তাদের কেউ কেউ বলছেন, চারপাশের অনেকে যখন বিয়ে করছেন, আবার কেউ কেউ বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন সাফা নিজের মতো করেই সময় কাটাচ্ছেন।

এর মধ্যেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন সাফা। ছবিতে তাকে বেগুনি রঙের সোফায় বাথরোব পরে বেশ স্বস্তির ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়। মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস। হাতে জুসের গ্লাস। সামনে রাখা ছিল ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস।

ছবিটির পেছনের সাজসজ্জাতেও ছিল বিলাসী আবহ। ফ্লোর ল্যাম্প ও প্যানোরামিক আর্টওয়ার্কের সঙ্গে পুরো আয়োজনটিই ছিল বেশ নির্ভার। পোস্টে বেকি জি, বেনি ব্ল্যাঙ্কো ও সেলেনা গোমেজের গান ‘Te Olvido (La La)’ যুক্ত করেছেন অভিনেত্রী।

সাফার এই পোস্ট প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য আসতে থাকে। কেউ তার পোস্টটিকে নিছক মজার মুহূর্ত হিসেবে দেখেছেন, আবার কেউ চলমান বিয়ে-বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়েছেন।

একজন মন্তব্য করেছেন, ‘সাফা আপু যেন নিজের জনপ্রিয় মিম নিজেই রিক্রিয়েট করে ফেললেন!’ আরেকজন লিখেছেন, ‘আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!’

তবে সাফা কবির নিজে তার পোস্টে বিয়ে, বিচ্ছেদ বা প্রীতম-শেহতাজকে নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে তাকে ঘিরে তৈরি হওয়া আলোচনা মূলত নেটিজেনদের কৌতূহল ও রসিকতার মধ্যেই সীমাবদ্ধ।

/এমআর/