এবারের দুর্গাপূজায় উত্তমের নতুন দুই গান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এবারের দুর্গাপূজায় উত্তমের নতুন দুই গান
সাংবাদিক ও সঙ্গীতশিল্পী উত্তম কুমার রায়

এবারের দুর্গাপূজায় ‘জয় দুগ্গা মা’ ও ‘ভুল করেছি’ শিরোনামে নতুন দুই গান নিয়ে হাজির হচ্ছেন সাংবাদিক ও সঙ্গীতশিল্পী উত্তম কুমার রায়।

গান দুইটি সম্পর্কে গায়ক বলেন, প্রথম গানটি বিশিষ্ট সংগীতজ্ঞ শহীদুজ্জামান স্বপনের লেখা ও সুর ও কম্পোজ করেছেন খ্যাতিমান সংগীত কম্পোজার মুশফিক লিটু। দ্বিতীয় গানটির কথা ও সুর আমার নিজের। এটি দেবী দুর্গাকে নিয়ে লেখা। এ সংগীতায়োজন ও বাঁশি বাজিয়েছেন শিল্পী জাবিউল ইসলাম। গান দুইটি আমার ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ দুর্গাপূজায় মুক্তি পাবে।

উত্তম কুমার রায়ের‘জয় দুগ্গা মা’ গানের পোষ্টার
উত্তম কুমার রায়ের‘জয় দুগ্গা মা’ গানের পোষ্টার

উত্তম কুমার রায়ের মিউজিক সফর অনেক দিনের। তার গানের তালিম, গানে গানে বেড়ে ওঠার শুরু স্কুল থেকে বিশ্ববিদ্যালয় জীবনে। সবখানেই সংগীতশিল্পী হিসেবে জুটেছে সম্মান আর পুরস্কার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। নজরুল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমায় প্রথম শ্রেণি প্রাপ্ত ও সরকারি এই প্রতিষ্ঠানটির নজরুলের প্রশিক্ষক হিসেবে সার্টিফিকেট অর্জন করেছেন। এছাড়া, রবীন্দ্রভারতী থেকে বিমিউজ সম্পন্ন করেছেন। তালিম নিয়েছেন বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান সব সংগীতজ্ঞের কাছে। এখন নিজেও গান শেখান। উত্তম কুমার রায় একটি বেসরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক। গণমাধ্যমকর্মী হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন।

উত্তম কুমার রায় বিটিভিসহ প্রায় সবগুলো বেসরকারি টিভি চ্যানলে লাইভসহ রেকর্ডেড নানা ধারার গানের অনুষ্ঠান করে সুনাম কুড়িয়েছেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে মূলত সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তিনি মিউজিক কম্পােজার্স সোসাইটি বাংলাদেশের (এমসিএসবি) সদস্য। এছাড়াও তিনি নজরুল সংগীতশিল্পী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এরইমধ্যে গভীর আবেগী গায়নভঙ্গীর অনন্যতার জন্য সংগীতজনদের দৃষ্টি কেড়েছেন উত্তম কুমার রায়। সব ধরনের সংগীতেই আগ্রহ রয়েছে তার।

/এসবি/