নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ২৪

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ২৪
নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে বলেন, শুক্রবার (২০ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে একটি এলাকা থেকে অন্য এলাকায় শেষকৃত্যে অংশ নিতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সংখ্যা নির্দিষ্ট করে না জানালেও তিনি বলেন, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নাইজেরিয়া পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ বলেন, এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

তিনি বলেন, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। যাত্রীরা নৌকার চালককে তীরের দিকে নিতে অনুরোধ করলেও তিনি তা শোনেননি বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পরপরই নৌকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তবে নৌকাটির ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বায়েলসা রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ অবশ্যই বন্ধ করতে হবে। কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।

/এসবি/