শিরোনাম

শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় কণ্ঠশিল্পী আসিফ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় কণ্ঠশিল্পী আসিফ
বিউটি রানী পাল এবং আসিফ আকবর। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে রিল বানিয়ে আলোচনায় এসেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের শিক্ষক বিউটি রানী পাল। শুরুতে তার বিরুদ্ধে সমালোচনা হলেও পরবর্তীতে তার সমর্থনে সামাজিকমাধ্যমে ঝড় বয়ে যায়। বহু শিক্ষক রীতিমতো সেই গানেই রিল বানিয়ে বিউটি রানীর সমর্থনে প্রতিবাদ জানিয়েছেন। এবার এই শিক্ষিকার প্রশংসা করলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একউন্টে দেওয়া এক পোস্টে সংস্কৃতিমনা হওয়ার জন্য তাকে ধন্যবাদও জানান।

পোস্টে আসিফ লেখেন, প্রয়াত শ্রীমতি কল্যানী সেন গুপ্তা ছিলেন কুমিল্লা গুলবাগিচা স্কুলের কালচারাল শিক্ষিক, ছিলেন বিদ্রোহী কবির অনুরক্ত। দূরন্তপনার লাগাম টানতে আমাকে যুক্ত করলেন কালচারাল অ্যাক্টিভিটিজে। তিনি আবৃত্তি, নাটিকা, সংগীতের পাশাপাশি ট্রেইন্ড আপ করলেন মিলাদ পড়ানোতেও। কল্যানী আপার তিন বছরের শাসনামলে শাস্তি এড়াতে স্কুলের ছাত্র হিসেবে কম্পিটিশনে অংশ নিতে বাধ্য হয়েছি।

তিনি লেখেন, সম্মানিত শিক্ষকদের কাজ ছাত্রছাত্রীদের গড়ে তোলা। এই উদ্দেশ্যেই অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠান। স্বদেশী সংস্কৃতি সংযত হওয়া শেখায়, উগ্রতা নয়। বিউটি রানী পাল ম্যাডাম তেমনই একজন উচ্চশিক্ষিত শিক্ষক। তিনি আনন্দময় পরিবেশে ছাত্রছাত্রীদের শিক্ষা দেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো’ গানে নিজের অনুভূতি প্রকাশ করেছেন, এটা তার অধিকার।

তিনি আরও লেখেন, ‘আমাদের স্কুল জীবনে শিক্ষা ও ডিসিপ্লিনের পাশাপাশি বিনোদনও ছিল। যতটুকু জেনেছি সরকারের কিছু মন্ত্রী স্কুলে কালচারাল শিক্ষক নিয়োগে ভেটো দিয়েছে। অথচ প্রধানমন্ত্রী নিজেও শিশুদের মননশীল সাংস্কৃতিক বিকাশে আগ্রহী। শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শের সাথে এ ধরনের সিদ্ধান্ত একদমই ম্যাচ করে না। প্রজন্ম বেড়ে উঠুক আনন্দে ভরপুর কোলাহলময় সুস্থ সুন্দর পরিবেশে। ঐতিহাসিকভাবে শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশ কোন গ্যাস চেম্বার নয়।’

সবশেষ আসিফ লেখেন, বিউটি রানী পাল ম‍্যাম- আপনাকে ধন‍্যবাদ এবং অভিনন্দন। ভালবাসা অবিরাম।

/জেএইচ/