শিরোনাম

হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি প্রেমিকার ছেলের হাতে খুন

সিটিজেন ডেস্ক
হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি প্রেমিকার ছেলের হাতে খুন
জনপ্রিয় টিভি সিরিজ ‘এক্স-ফাইলস’-এর একটি দৃশ্যে জেমস হ্যান্ডি

হলিউডের প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি (৮১) ছুরিকাঘাতে খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের অভিযোগে তার প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেমস হ্যান্ডি অভিনীত জনপ্রিয় দুটি চলচ্চিত্র– ‘জুমানজি’ ও ‘টপ গান: ম্যাভেরিক’। বুধবার (৩ জুন) লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়ির বাইরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় তার বুকে ছুরি গেঁথে ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, জেমস হ্যান্ডিকে ছুরিকাঘাত করার পর অভিযুক্ত মাইকেল গ্লেডহিল নিজেই জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। পুলিশকে তিনি বলেন, ‘আমি মানুষের ছেলে, আমি এইমাত্র পাপী মানুষটিকে হত্যা করেছি।’ এই ফোনের সূত্র ধরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্লেডহিলকে গ্রেপ্তার করে। লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে মামলার শুনানির জন্য তার জামিন ২০ লাখ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

তদন্তে জানা যায়, ৪৪ বছর বয়সী মাইকেল গ্লেডহিল তার মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন। কিন্তু ঠিক কী কারণে তিনি হ্যান্ডিকে খুন করেছেন, তা জানা যায়নি।

নিউইয়র্কে জন্মগ্রহণকারী জেমস হ্যান্ডি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ– তিন মাধ্যমেই একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে কাজ করেছেন। ১৯৯৫ সালের বিখ্যাত সিনেমা ‘জুমানজি’-তে কীটপতঙ্গ দমনকারী এবং ২০২২ সালের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এ বারটেন্ডার জিমি চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে পরিচিত ছিলেন। এ ছাড়া ‘এনসিআইএস: লস অ্যাঞ্জেলেস’ ও ‘কোল্ড কেস’-এর মতো শীর্ষস্থানীয় ক্রাইম ড্রামা সিরিজেও তিনি কাজ করেছেন।

হলিউডের অনেক অভিনেতা ও নির্মাতা তার মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন। এলিস ট্যালেন্ট গ্রুপের পাম এলিস-ইভেনাস বলেছেন, জেমস হ্যান্ডির চেয়ে বেশি প্রতিভাবান, বিনয়ী ও অমায়িক বন্ধু আমি আর কখনো পাবো না।

সূত্র : সিএনএন

/এফসি/