ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই তানিয়া বৃষ্টির বাজিমাত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই তানিয়া বৃষ্টির বাজিমাত
তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। ৯ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। দীর্ঘ এ সময়ে অভিনয় থেকে দূরে ছিলেন। গত ২৬ অক্টোবর সকল বাধা অতিক্রম করে আবারও শুটিংয়ে ফেরেন অভিনেত্রী। অংশ নেন ইকসান রনির নতুন নাটক ‘অংশীদার’-এর শুটিংয়ে। গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে।

পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত নাটকটি নির্মিত হয়েছে।

মাথায় ঘোমটা পরা তানিয়া বৃষ্টি
মাথায় ঘোমটা পরা তানিয়া বৃষ্টি

মুক্তির পরপরই ঝড় তুলেছে নাটকটি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ১ মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে ‘অংশীদার’। সোমবার (২৩ নভেম্বর) বেলা আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটির ভিউ ছিলো ১৬ লাখ।

প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যম ও ইউটিউবের কমেন্ট বক্সে নাটকটির গল্প ও অভিনয়শিল্পীদের প্রশংসা করছেন দর্শকরা। অনেকেই নাটকটির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাচ্ছেন।

ফারজানা ইসলাম নামের এক দর্শক লেখেন, ‘নাটকটার সাথে বাস্তবতার অনেক মিল। আমাদের সাথেও মিলে গেল। আমরাও দুই বোন। বাবা মারা গেছে। আত্মীয়-স্বজনের কত রূপে দেখতেছি। কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছে।

নাজিম উদ্দিন নামে একজন লেখেন, সেম আমাদের জীবন। চাচা কোনোদিন বাপ হয় না। আজ আাবার অনেক কান্না করলাম আব্বুর জন্য, এই নাটকটা দেখে।

রৌদ্রের মাঝে বৃষ্টি
রৌদ্রের মাঝে বৃষ্টি

সামিয়া রহমান নামের একজন লেখেন, গতকাল আম্মু আব্বু একসঙ্গে বসে নাটকটা দেখলাম। মনে হলো আমাদেরই গল্প। আমরা দু’বোন, ভাই নেই। আমার কাকার আবার ছেলে আছে। আমার দাদার অনেক সম্পদ ছিল। দাদীর কোনো ভাই ছিলো না, ফলে দাদীও অনেক সম্পদ পায় তার বাবা থেকে। এই সব সম্পদ আমার কাকা জালিয়াতি করে নিয়ে নিছে। আল্লাহ তার বিচার করবে। শুধু অপেক্ষা।

এদিকে অসুস্থতার পর ফিরে আসায় তানিয়া বৃষ্টিকে নিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে গেছেন। এক ব্যবহারকারী বলেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি। আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি। লাভ ইউ আপু।

এমজি খান নামের আরেকজন লেখেন, তানিয়া বৃষ্টির অভিনয় টা সবথেকে বেস্ট ছিলো।

শাড়িতে অপরূপা অভিনেত্রী
শাড়িতে অপরূপা অভিনেত্রী

‘অংশীদার’ নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।

‘অংশীদার’ নাটকটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া পাওয়ার পর উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি বলেন, ‘নাটকটির মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।’

/জেএইচ/