প্রাপ্তবয়স্কদের চরিত্রের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত: প্রভা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রাপ্তবয়স্কদের চরিত্রের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত: প্রভা
সাদিয়া জাহান প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত তিনি। তবে সামাজিকমাধ্যমে বেশ সরব। প্রায়ই তার নিজের ভাবনা ও ব্যক্তিগত নানা অভিজ্ঞতা সোশ্যালে ভক্তদের মাঝে শেয়ার করেন। এবার পরিবার এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষকে সমাজে মূল্যায়নের বিষয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

লালপরী প্রভা
লালপরী প্রভা

সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেত্রী বলেন, প্রতিটি পরিবারেই বিভিন্ন ধরনের মানুষের সহাবস্থান দেখা যায়। পরিবারের সব সদস্য এক প্রকৃতির হন না। কিছু মানুষ অত্যন্ত শিক্ষিত, মার্জিত, দয়ালু এবং উদার মানসিকতার অধিকারী হয়ে থাকেন। তারা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে শান্তিতে থাকতে পছন্দ করেন। যেকোনো অন্যায়ের প্রতিবাদ করা এবং সৎ উপার্জনের মাধ্যমে জীবন পরিচালনা করা তাদের মূল নীতি। অন্ধভাবে কাউকে তোষামোদ করা কিংবা শুধু পরিবারের সদস্য হওয়ার সুবাদে ভুল কাজের পক্ষ নেওয়ার মানসিকতা তাদের মধ্যে থাকে না।

এর বিপরীত স্বভাবের মানুষও পাওয়া যায় বলে জানান প্রভা। তিনি বলেন, মজার ব্যাপার হলো একই পরিবারের ভেতরে ঠিক এর উল্টো স্বভাব বা বিপরীত মানসিকতার মানুষও অনায়াসে পাওয়া যায়।

হলুদ পরী প্রভা
হলুদ পরী প্রভা

প্রাপ্তবয়স্কদের মূল্যায়ন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একজন মানুষ যখন বয়োবৃদ্ধ বা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন, তখন তাকে পারিবারিক পরিচয়ের ব্র্যাকেটে না রেখে তার নিজের চরিত্র, ব্যক্তিগত কর্মকাণ্ড এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। কারণ একজন ব্যক্তি সমাজ বা রাষ্ট্রে কেবল নিজের পরিচয়েরই প্রতিনিধিত্ব করেন, পুরো পরিবার বা বংশের নয়।

উল্লেখ্য, একসময় ছোটপর্দার অভিনয়ে নিয়মিত মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তবে মাঝখানে বিতর্কে জড়িয়ে দীর্ঘদিন অনিয়মিত হয়ে পড়েন তিনি। বর্তমানে গতানুগতিক ধারার বাইরে কেবল মনের মতো ভালো গল্প এবং পছন্দসই চরিত্র পেলে তবেই ছোটপর্দায় কাজ করছেন অভিনেত্রী।

/জেএইচ/